২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চরমপন্থী সন্দেহে আটককৃতদের খুন ও ডাকাতি মামলায় কারাগারে প্রেরণ

নাটোরে চরমপন্থী সন্দেহে আটক ১৫ জনকে খুন ও ডাকাতির তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আটককৃতদের আদালতে হাজির করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

নাটোর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে চরমপন্থী সন্দেহে আটক ১৫ জনকে খুন ও ডাকাতির তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আটককৃতদের আদালতে হাজির করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রাজশাহীর বাগমারায় পুলিশ খুনের ঘটনায় বিশেষ অভিযানে রোববার জেলার নলডাঙ্গা থানা পুলিশ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে ১৫ জনকে তিনটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে লুৎফর, ফজল, মুঞ্জু ও আয়েজ উদ্দিনকে নলডাঙা থানার আরিফ হত্যা মামলায়, রফিকুল, নাদের, মোজাফফর ও মুকতার আলীকে জাসদ নেতা খোকন হত্যা মামলায় এবং আব্দুল মজিদ, চঞ্চল, আজিজুর রহমান, আব্দুল ছালাম, রমজান আলী, জহুরুল ও মিজানুর রহমান মিঠুকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে তাদের নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আইনজীবীরা আসামিদের জামিনের আবেদন করলে হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেরার তাহেরপুরে পুলিশ খুন ও অস্ত্র লুটের ঘটনায় নাটোর, রাজশাহী ও নওগাঁয় বিশেষ অভিযান চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.