২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুঘটনায় পুলিশ কনস্টেবলসহ পাঁচজন নিহত

ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও গাজীপুরে সোমবার সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল এবং তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও গাজীপুরে সোমবার সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবল এবং তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাক উল্টে মারা গেছেন এক নারীসহ দুই আরোহী। আহত হয়েছেন আরও ১১ আরোহী। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন এক নারী। গাজীপুরে ভ্যান চাপায় মারা গেছেন এক বৃদ্ধা। খুলনায় নিহত হয়েছেন একজন পুলিশ কনস্টেবল। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ভোরে ত্রিশাল উপজেলার বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এক নারীসহ দুজন নিহত এবং অপর ১১ জন আহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আক্তারুজ্জামান জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের ১৩ আরোহী গুরুতর আহত হন। এদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল সাতটায় নুরুন নাহার (৪৫) ও অজ্ঞাত পরিচয় অপর এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি জানান, আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সকালে শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন মর্জিনা বেগম (৪৫) নামের এক নারী। তিনি উপজেলার নয়া লাভাঙ্গা ইউনিয়নের পুরনো লাভাঙ্গা গ্রামের সাবজুলের স্ত্রী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রায় একঘন্টা সড়ক অবরোধ করে রাখে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক মর্জিনাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকালে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় সায়েরা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার গাছা ইউনিয়নের খাইলকুর গ্রামে। এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বৃদ্ধা বড়বাড়ি এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মহাসড়কে হামজা কেমিক্যাল কোম্পানির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৪৭৬) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ক্ষুব্ধ লোকজন চালক ও পিকআপ ভ্যান আটক করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা জরিমানা করে চালককে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরীব মানুষ কিছু ক্ষতিপূরণ পেলে ক্ষতি কী?" মৃতের পক্ষে কেউ থানায় অভিযোগ করেননি বলে তিনি জানান। খুলনা প্রতিনিধি জানান, জেলার ডুমুরিয়া উপজেলার খনিয়া ব্রিজের কাছে সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনষ্টেবল (নম্বর-৪৭১) মোমিনুর রহমান মুকুল (২৬) নিহত হয়েছেন। পুলিশ বাসসহ দু'জনকে গ্রেপ্তার করেছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ আলী জানান, জেলা পুলিশ লাইনের সদস্য কনষ্টেবল মুকুল খুলনা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরার নিজের বাড়ি যাচ্ছিলেন। ডুমুরিয়া উপজেলার খনিয়া ব্রিজের কাছে পৌঁছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের (খুলনা মোট্রো-জ-০৪-০০৭৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান কনষ্টেবল মুকুল। তিনি সাতক্ষীরার আলীমপুরের আনিসুর রহমানের ছেলে। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বাসের সুপারভাইজার মনিরুজামান ও হেলপার আব্দুল হালিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৫ ঘ.