২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যা মামলায় খালাস পেয়েছেন আসামিরা

চট্টগ্রামের হালিশহরে দুই ছাত্রদল কর্মী হত্যা মামলায় আসামিদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে একটি আদালত। খালাসপ্রাপ্ত এই ১৫ আসামির সবাই ছাত্রলীগ কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হালিশহরে দুই ছাত্রদল কর্মী হত্যা মামলায় আসামিদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে একটি আদালত। খালাসপ্রাপ্ত এই ১৫ আসামির সবাই ছাত্রলীগ কর্মী। সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী এ রায় দেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মো. নাছিম, লিয়াকত হোসেন, আবু জাফর, মো. ইস্কান্দার, আজিমুল ইসলাম মজুমদার, নাজিমুল ইসলাম, ফজল করিম, মো. লিটন, জাবেদ হোসেন, মো. সেলিম, জাহাঙ্গীর আলম, মো. ইছহাক, খোকন চন্দ্র তাঁতী, সাবেতুর রহমান ও সালেহ আহমেদ। এদের মধ্যে জামিনে থাকা নাজিমুল ইসলাম, ফজল করিম, মো. ইছহাক ও সালেহ আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকীরা পলাতক আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। তিনি জানান, মামলার ৩৯ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে ময়না তদন্তকারী চিকিৎসক ও তদন্ত কর্মকর্তা ছাড়া বাকিদের আদালত বৈরি ঘোষণা করে। ১৯৯২ সালের ১১ মে রাত আটটার দিকে হালিশহর ব্লক-আই এর ৩ নম্বর লাইনে সন্ত্রাসীদের হাতে নিহত স্থানীয় ছাত্রদলনেতা সাজ্জাদ আলী কচির খুনীদের বিচারের দাবিতে ছাত্রদল কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলে সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মী খোরশেদ আলম বাবুল ও নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ওইদিন রাতে নিহত খোরশেদ আলমের ভাই মোরশেদ আলম তখনকার পাহাড়তলী থানায় ৩ নম্বর লাইন ও আশপাশের এলাকার ২৩ ছাত্রলীগ কর্মীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আইনজীবী রাজ্জাক জানান, মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার সে সময়ের উপ-পরিদর্শক রেজাউল করিম মজুমদার ১৫ জনকে অভিযুক্ত করে ১৯৯৩ সালের ২৭ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। ২০০০ সালের ৭ ফেব্র"য়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/১৮৪৬ ঘ.