২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনের বিশেষ আদালতে এক বছরে সাজা শতাধিক দুর্নীতিবাজের

সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতের এক বছর পূর্তি হচ্ছে ৬ মে, মঙ্গলবার। গত এক বছরে ওই আদালতে দুর্নীতির দায়ে সাজা পেয়েছেন শতাধিক ব্যক্তি; যাদের অধিকাংশই রাজনীতিবিদ। সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিচার দ্রুত করার উদ্দেশে গঠিত ওই আদালতের বর্ষপূর্তিতে প্রদীপ চৌধুরীর আলোকপাতের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 07:37 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে গত এক বছরে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ জজ আদালতে সাজা হয়েছে শতাধিক ব্যক্তির। এদের বেশিরভাগই দেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের নেতা। সন্দেহভাজন দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে গত বছরের ৬ মে শুরু হয়েছিল এ আদালতের কার্যক্রম। মঙ্গলবার বর্ষপূতি হচ্ছে দুর্নীতির বিচারের জন্য গঠিত বিশেষ এই আদালতের। গত বছরের ৬ মে বিএনপি নেতা হারিছ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, তার ছেলে মীর হেলালউদ্দিন, আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান এবং আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার বিচার কাজ দিয়ে যাত্রা শুরু হয় বিশেষ জজ আদালতের। গত এক বছরে ৯টি বিশেষ জজ আদালতে ৭৮টি মামলার রায় হয়েছে। এতে বিভিন্ন দলের নেতা ও তাদের স্ত্রী-সন্তানসহ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে মোট ৮২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি জরিমানা ছাড়াও অভিযুক্তদের কয়েকশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। রায় হওয়া মামলাগুলোর মধ্যে অবৈধভাবে সম্পত্তি অর্জন, ঘুষ ও অর্থ আত্মসাতের মামলা রয়েছে ৪৫টি। বাকি ৩৩টি মামলা কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের। এসব আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটিসহ শতাধিক মামলা এখনও বিচারাধীন। বিশেষ জজ আদালতে প্রথম রায় দেওয়া হয় গত বছরের ২১ মে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব না দেওয়ার অপরাধে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে তিন বছরের কারাদণ্ডাদেশ হয়। বিশেষ আদালতে সাজাপ্রাপ্ত বিএনপির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, শাহজাহান সিরাজ, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, জিয়াউল হক জিয়া, সালাহউদ্দিন আহমেদ, আমানউল্লাহ আমান, সাবেক সাংসদ আলী আসগর লবী, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, রশিদুজ্জামান মিল্লাত, এম নাসের রহমান, শাহরিন ইসলাম তুহিন, তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন এবং চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল । সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন- সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ এস এম মোস্তফা রশিদী সুজা, হাজী মো. সেলিম, ডা. এইচ বি এম ইকবাল ও শেখ হেলাল উদ্দিন। অন্য রাজনৈতিক দলের মধ্যে বিশেষ আদালতে সাজা পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শহীদুল ইসলাম। রাজনীতিবিদদের বাইরে সাজাপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম, দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান, সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খান এবং টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) সিবিএ সভাপতি ফিরোজ মিয়া। প্রথম পর্যায়ে সংসদ ভবন এলাকার পুরানো এমপি হোস্টেলের ১ এবং ২ নম্বর এলডি হলে পাঁচটি বিশেষ জজ আদালত কাজ শুরু করে। এরপর গত বছরের নভেম্বর মাসে শুরু হয় আরও চারটি বিশেষ জজ আদালত কাজ। সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল যা সর্বশেষ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের অফিস ছিল, সেখানেই স্থাপিত হয় এ চারটি আদালত। সব মিলিয়ে বর্তমানে সংসদ ভবন এলাকায় মোট ৯টি বিশেষ আদালত কাজ করছে। গত ১৭ মার্চ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সংসদ ভবন এলাকার ৯টি বিশেষ জজ আদালতকে ফৌজদারি মামলা পরিচালনার বিচারিক ক্ষমতা দেয়। এর ফলে আদালতগুলো হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ফৌজদারি কার্যবিধির অধীন অন্য মামলাগুলোর বিচারও করতে পারবে। এর আগ পর্যন্ত ওই আদালতগুলো শুধু দুর্নীতি, ঘুষ ও কর ফাঁকির মামলার বিচার কাজ পরিচালনা করতো। আদালতগুলোর গত এক বছরের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটা নতুন প্রেক্ষাপটে সংসদ ভবন এলাকায় এই আদালতগুলো কাজ শুরু করে। চিহ্নিত দুর্নীতিবাজদের অন্য জায়গায় বিচার করা সহজ কাজ ছিলো না। দুর্নীতি দমন কমিশন এবং গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সহযোগিতায় তা সম্ভব হয়েছে।" বিশেষ জজ আদালতে আসামি পক্ষের আইনজীবী হিসেবে প্রথম মামলা পরিচালনাকারী ব্যারিস্টার এ কে এম ফকরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন অনুসারে ওই সব আদালত প্রতিষ্ঠিত হয়েছে। এ নিয়ে আমার কোনও প্রশ্ন নেই।" একইসঙ্গে তিনি বলেন, "যে রায় হয়েছে তাতে আমরা সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে গিয়েছি। তবে ওই আদালতগুলোতে মাঝে মাঝে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিচারকের আচরণ আমাদের একটু পীড়িত করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/জিএনএ/১৩২৩ ঘ.