ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ রোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ৩০ এপ্রিল মার্কিন সরকার প্রকাশিত সন্ত্রাসবাদ বিষয়ক ২০০৭ সালের কান্ট্রি রিপোর্টে বলা হয়, অভ্যন্তরীণ কিছু সন্ত্রাসী ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশকে সাহায্য করেছে। এছাড়া সীমান্ত ও বন্দর নিয়ন্ত্রণের ব্যাপারেও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশে ইসলামী জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদের কার্যক্রম নিষিদ্ধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে তাদের সদস্যদের ফাঁসি দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের দু'কোটি ডলারের দুর্নীতি বিরোধী কর্মসূচির উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ কর্মসূচি বাংলাদেশে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২৩১২ঘ.
bdnews24