২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিমজ্জিত একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে গাড়িসহ ডুবে যাওয়া একই পরিবারের ৩ জনের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় পরিবারটির বড় মেয়ে নুসরাত জাহানকে জীবিত অবস্থায় পদ্মা থেকে উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 05:57 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মুন্সীগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে গাড়িসহ ডুবে যাওয়া একই পরিবারের ৩ জনের লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় পরিবারটির বড় মেয়ে নুসরাত জাহানকে জীবিত অবস্থায় পদ্মা থেকে উদ্ধার করা হয়। শনিবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় ডুবুরিরা ফেরির টাক বোর্ডের সাহায্যে ঢাকার লালবাগের স্থপতি রেজাউল করিম (৫৫), তার স্ত্রী শাহানারা করিম (৪১) ও মেয়ে সাফাত করিম কৌশিকের (১৭) লাশ উদ্ধার করে। মাওয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জাহিদ হোসেন বলেন, শনিবার সকাল সোয়া ৯টার দিকে মাওয়ার এক নম্বর ঘাটের পন্টুন থেকে ৩০ ফুট দূরে ৪০ ফুট পানির গভীরে ডুবে যাওয়া প্রাইভেট কারটিকে সনাক্ত করা হয়। আধ ঘণ্টা চেষ্টার পর স্থানীয় ডুবুরিরা ফেরির টাক বোর্ডের সাহায্যে প্রাইভেট কারটিকে উদ্ধার করা হয়। গাড়ির ভেতর থেকে রেজাউল করিম, তার স্ত্রী ও মেয়ের লাশ পাওয়া যায়। তিনি জানান, ঢাকার লালবাগের স্থপতি রেজাউল করিম শনিবার তার স্ত্রী, দুই মেয়েসহ পদ্মার পাড়ে বেড়াতে আসেন। বিকেলে তিনি চালক তবিবুর রহমানকে পদ্মার ইলিশ কিনতে পাঠান। এ সময় তিনি গাড়ি চালিয়ে মাওয়া এলাকায় ঘুরছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাড়ি নিয়ে এক নম্বর ঘাটের পন্টুনে এলে অসতর্কতাবশত গাড়িটি পন্টুন টপকে পদ্মায় তলিয়ে যায়। কিছুক্ষণ পর রেজাউল করিমের বড় মেয়ে নুসরাত জাহান (২০) অজ্ঞান অবস্থায় ভেসে উঠলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১৫৭ ঘ.