২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে রাস্তায় গাছ ফেলে ডাকাতি, চারজন গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তায় গাছ ফেলে অন্তত ১০টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১০ যাত্রী। ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 06:26 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

সিলেট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় বৃহস্পতিবার রাতে রাস্তায় গাছ ফেলে অন্তত ১০টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন ১০ যাত্রী। ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত আহমদ কামাল ও নাসির উদ্দিনকে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সজল (৩০), শরিফ উদ্দিন (২৫), শাহিদ (৩৫) ও শামীম আহমদসহ আরও কয়েকজনকে প্রাথমিক দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত চারজন হলেন- হোসেন আলী (২৭), হীরা আকলিছ (৩৮), আবু লেইছ (২৪) ও লুৎফুর রহমান (৩০)। এদিকে কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক ও তিন কনস্টেবলকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। এরা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়াকুব আলী এবং কনস্টেবল বিপ্লব, ওয়াহাব সিদ্দিকী ও চান মিয়া। বাসযাত্রী ফিরোজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাটি এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি শুরু করে। তারা পর্যায়ক্রমে যাত্রবাহী বাসসহ অন্তত ১০টি গাড়ির যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয়। ডাকাতরা নগদ ২০ লাখ টাকা, ১৫টি মোবাইল ফেন সেট ও সোনার গহনা নিয়ে যায়। এ সময় যাত্রীরা সংঘবদ্ধ হয়ে বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় অন্তত ১০ যাত্রী আহত হয়। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির শিকার বাসযাত্রী ফিরোজ মিয়া বাদী হয়ে এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাত নয় ব্যক্তিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, "কর্তব্যে অবহেলার অভিযোগে ওই এলাকায় সে সময় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২০ ঘ.