ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং জোসেফ ক্রাউলিসহ ২০ জন কংগ্রেসম্যান ও সিনেটর আগামী ৩ জুলাই থেকে নিউইয়র্কে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনে যোগ দিতে পারেন বলে আয়োজকরা জানিয়েছেন। নিউইর্য়ক থেকে বার্তা সংস্থা এনা এ খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের মনোয়নপ্রার্থী হিলারি ক্লিনটন ও বারাক ওবামাকেও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলির সঙ্গে সাক্ষাৎ করেছেন ফোবানার নেতারা।
ক্রাউলি তাঁর সহকর্মীদের নিয়ে সম্মেলনে যোগদানে সম্মতি দিয়েছেন বলে সম্মেলনের আহবায়ক গিয়াস আহমেদ ও সদস্য সচিব হাসানুজ্জামান হাসান এনাকে জানিয়েছেন।
এর আগে ২৯ এপ্রিল ফোবানার বাংলাদেশ সম্মেলন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অবহিত করা হয় যে, তিনদিনব্যাপী ফোবানা সম্মেলনের প্রস্তুতি চলছে পুরোদমে। স্টল বরাদ্দও প্রায় শেষ হয়ে এসেছে।
ফোবানার এবারের সম্মেলনের সংবাদপ্রচারে সহায়তা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি গণমাধ্যম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৩ ঘ.
bdnews24