২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ জননী জাহানারা ইমামের ৭৯তম জন্মবার্ষিকী শনিবার

শহীদ জননী জাহানারা ইমামের ৭৯তম জন্মবার্ষিকী শনিবার। এ উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাহানারা ইমামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ জননী জাহানারা ইমামের ৭৯তম জন্মবার্ষিকী শনিবার। এ উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাহানারা ইমামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। নির্মূল কমিটি বিকেলে ধানমন্ডিতে ৭১'এর যুদ্ধাপরাধ ও জামায়াতে ইসলামী' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। দিনটি উপলক্ষে '৭১-এর যুদ্ধাপরাধ ও জামায়াতে ইসলামী' শিরোনামে একটি সংকলনও প্রকাশ করবে সংগঠনটি। জাহানারা ইমাম ১৯২৯ সালের ৩ মে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। একাত্তরে শহীদ হয় তার বড় ছেলে রুমি। দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন দিন আগে স্বামী শরীফ ইমামকেও হারান তিনি। যুদ্ধের দিনগুলোতে তার লেখা ডায়েরি পরে তিনি 'একাত্তরের দিনগুলি' নামে প্রকাশ করেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নামে একটি নাগরিক আন্দোলন গড়ে তোলেন তিনি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাহানারা ইমাম ১৯৯১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান। তার লেখা বইয়ের মধ্যে 'অন্য জীবন', 'জীবন মৃত্যু', 'বুকের ভিতর আগুন', 'নাটকের অবসান', 'দুই মেরু', 'ক্যান্সারের সঙ্গে বসবাস', 'প্রবাসের দিনলিপি' উল্লেখযোগ্য। শেষ জীবনে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার ডেট্রয়েটে মারা যান এই শহীদ জননী। পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএইচবি/২৩০৮ ঘ.