২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষজৈব পদার্থ ও পুষ্টিমান কমে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে আবাদি জমি

ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যোগান দিতে ফসলি জমিতে অবিরাম চাষাবাদ হলেও সেই অনুপাতে যত্ন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যোগান দিতে ফসলি জমিতে অবিরাম চাষাবাদ হলেও সেই অনুপাতে যত্ন না নেওয়ায় হ্রাস পাচ্ছে মাটির উর্বরতা। মাটিতে পুষ্টি উপাদান ও জৈব পদার্থের ঘাটতি তে হুমকির মুখে পড়বে চাষাবাদ। মাটির স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ না নিলে ভবিষ্যত প্রজন্মকে চরমভাবে এর কুফল ভোগ করতে হবে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে ফসলী জমিতে চাষের নিবিড়তার পরিমাণ প্রায় ১৭৬ দশমিক ৮৫ শতাংশ। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জালাল উদ্দিন মো. শোয়েব বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে মাথাপিছু জমির পরিমাণ নেমে এসেছে দশমিক শূণ্য ৬ হেক্টরে। প্রতি বছর আবাদী জমি কমছে প্রায় ১ শতাংশ হারে। সেই সঙ্গে নিবিড় চাষের ফলে কমছে মাটির পুষ্টিমান। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে পৌঁছেছে ১ শতাংশে। যেখানে ৩-৫ শতাংশ থাকা বাঞ্চনীয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)-এর তথ্যমতে, বরেন্দ্রভূমি, মধুপুর, মেঘনা-ব্রহ্মপুত্র অববাহিকা ও গাঙ্গেয় পললভূমি অঞ্চলের আবাদি জমির মাটি বর্তমানে উৎপাদনক্ষম পরিবেশে নেই। মাটিতে জৈবপদার্থের ঘাটতি লক্ষণীয়। এছাড়া মাটিতে অম্লত্ব (এসিডিটি) বেড়ে যাওয়ায় বাড়ছে পুষ্টি ঘাটতি। সামগ্রিকভাবে মাটিতে পুষ্টি ঘাটতি রয়েছে। বিশেষ করে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার, জিঙ্ক, মলিবডেনাম ও বোরনের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জমিতে জৈব পদার্থ ক্ষয়, ভূমির ভৌত ও রাসায়নিক অবক্ষয়, পুষ্টিমানের ক্ষয়, সেচের অপর্যাপ্ততা, জলাবদ্ধতা, সার ও কীটনাশকের অসম ব্যবহার, অপরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার কারণে মাটির উর্বরতা ও উৎপাদনশীলতা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে মাটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ ও সঠিক পুষ্টিমান নির্ধারণের মাধ্যমে মাটির স্বাস্থ্য সংরক্ষণ করার পরামর্শ রাখছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম ইমামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিতে অবিরাম চাষ ও অতিরিক্ত হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির কিছু কিছু ভৌত গুণ নষ্ট হয়। জমির অম্লত্ব বেড়ে যায়। তদুপরি পুষ্টি উপাদানে অসমতা দেখা দেয়। এক্ষেত্রে মাটির স্বাস্থ্য পরিবেশ সম্মত রেখে ফসলের চাহিদা মত পুষ্টির যোগান দেওয়া দরকার।" কোথাও কোথাও মাটির জৈব পদার্থ এক শতাংশেরও কম উল্লেখ করে তিনি জানান, মাটিতে বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন প্রভৃতির ঘাটতি দেখা যাচ্ছে। অধ্যাপক হক আরো বলেন, "গাছের অত্যাবশ্যকীয় ১৭টি পুষ্টি উপাদানের মধ্যে ১৪টি উপাদান মাটি থেকে গাছ গ্রহণ করে। তাই সর্বোচ্চ ফলনের জন্য মাটি পরীক্ষা করে চাহিদা মত সার প্রয়োগ করা প্রয়োজন।" জালাল উদ্দিন মো. শোয়েব জানান, বর্তমানে এসআরডিআই'র একটি কেন্দ্রীয় ও চারটি আঞ্চলিক গবেষণাগারসহ ২২টি গবেষণাগার ও ১২টি ভ্রাম্যমাণ গবেষণাগার রয়েছে। এরমধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, ফরিদপুর, বগুড়া, জামালপুর, দিনাজপুর, কুষ্টিয়া, নোয়াখালী ও চট্টগ্রামে মৃত্তিকা গবেষণাগার রয়েছে। দেশের তৃণমূল পর্যায়ের জন্য মৃত্তিকা নির্দেশকা ও প্রায় ৫০ হাজারেরও অধিক জায়গার মাটির নমুনা বিশ্লেষণ প্রতিবেদন রয়েছে এসআরডিআই-এ। যা থেকে খুব সহজেই মাটির স্বাস্থ্য কার্ড-এর সুপারিশ প্রদান সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যোগান দিতে বারবার জমিতে চাষাবাদের পাশাপাশি মাটির যুৎসই ব্যবস্থাপনাও জরুরী। মাটি পরীক্ষা করে যথাযথ চাষাবাদ না করলে অচিরেই বাংলাদেশকে ভয়াবহ পরিণতি মোকাবেলা করতে হবে। এজন্যে এসআরডিআই এখন স্লোগান নির্ধারণ করেছে- 'প্রিজার্ভ সয়েল হেল্থ ফর ফিউচার জেনারেশন'। এসআরডিআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কারিগরি) এএইচএম কামরুল হাবিব খান জানান, ৬টি সার পরীক্ষাগারে বছরে প্রায় ৪ হাজার জৈব ও রাসায়নিক সার বিশ্লেষণ করে সুপারিশ দেওয়া হয়। মাটির পুষ্টি উপাদান ও জমি উপযোগিতার বিষয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কৃষককে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এছাড়া রবি ও খরিপ মৌসুমে চলে মৃত্তিকা মান বিশ্লেষণ কর্মসূচি। মাটির উর্বরতা আশংকাজনকভাবে হ্রাস পাচ্ছে উল্লেখ করে মৃত্তিকা বিশেষজ্ঞরা বলেন, মৃত্তিকা স্বাস্থ্য উন্নয়নে বিদ্যমান ভূমি ব্যবহার নীতিকে যুগোপযোগী করতে মাটির স্বাস্থ্য সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। আগামীতে জমিকে উৎপাদনক্ষম রাখতে মাটির স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভয়াবহ অনিশ্চয়তা নেমে আসবে ভবিষ্যত প্রজন্মের জীবনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএ/১৬৪৮ ঘ.