রংপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা শহরে শুক্রবার ভোরে একটি ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে নয় জন। হতাহতরা সবাই ক্ষেতমজুর। কাজের সন্ধানে তারা ট্রাকে চড়ে রংপুর আসছিল।
ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের মডার্ন মোড়ে রংপুর-ঢাকা সড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত নয় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লাবোঝাই ট্রাকটি রংপুর আসছিল। পথে বেশ কয়েকজন ক্ষেতমজুর কম খরচে রংপুর আসার উদ্দেশ্যে ট্রাকে চড়ে।
মডার্ন মোড়ের কাছে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় বলে সেকেন্দার আলী জানান। এতে ট্রাকের নিচে চাপা পড়ে তিন জন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া ট্রাকটি তুলে কয়লা সরিয়ে লাশ তিনটি উদ্ধার করে।
দুর্ঘটনায় আহত আব্দুর রহমান (৩২), স্বপন(১৬) , ফরিদুল (২৬), আবুল (১৮), হাফিজুল (২২), হাজিনুল (৩২), মানিক (১৮) আব্দুল লতিফ (২৫) ও রহিদুল (৩৪) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবুল, হাফিজুল, হাজিনুল ও মানিকের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৭ ঘ.
bdnews24