২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার মামলা ৬ মাসে নিষ্পত্তি করতে হবে

আদালত অবমাননার মামলা হলে তা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। এই বিধান সংবলিত 'আদালত অবমাননা অধ্যাদেশ - ২০০৮' অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, ৩০ এপ্রিল, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আদালত অবমাননার মামলা হলে তা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড হতে পারে। এই বিধান সংবলিত 'আদালত অবমাননা অধ্যাদেশ - ২০০৮' অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বুধবার একইসঙ্গে 'সরকারি অ্যাটর্নি জেনারেল সার্ভিসেস অধ্যাদেশ ২০০৮' এর চূড়ান্ত অনুমোদনও দিয়েছেন উপদেষ্টারা। এই অধ্যাদেশটি অনুমোদনের ফলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের কাছে অধ্যাদেশ দুটি সম্পর্কে এ তথ্য দেন। তিনি আরও জানান, আদালত অবমাননা সংক্রান্ত ১৯২৬ সালের আইনের ১২ নম্বর ধারাটি রহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের সভাপতিত্বে পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ 'বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৮০' এর কয়েকটি ধারা সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও প্রেসসচিব জানান। চিকিৎসকদের নিবন্ধিকরণ ও নিয়ন্ত্রণ করা সংক্রান্ত এই আইনের ৩৪টি ধারার মধ্যে ১৫টি ধারা সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এখন থেকে কোনো চিকিৎসক অনুমোদনবিহীন অথবা নিষিদ্ধ ওষুধ চিকিৎসাপত্রে লিখলে তাকে ২০ হাজার টাকা জরিমানা অথবা কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে। এ ছাড়া অনিবন্ধিত চিকিৎসক চিকিৎসা কাজ চালালে তার বিরুদ্ধে এই আইনে দুবছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। ফাহিম মুনেম জানান আদালত অবমাননা অধ্যাদেশটির খসড়ায় সাধারণ নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দু'ধরনের বিধান রাখা হয়েছিল। কিন্ত উপদেষ্টারা উভয়ক্ষেত্রেই একই বিধান করে অধ্যাদেশটি অনুমোদন দিয়েছেন। অবমামনারর শাস্তি সম্পর্কে তিনি বলেন "অভিযোগ প্রমাণিত হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ২ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। রায়ের পর সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করা যাবে।" তিনি বলেন, "আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তি নিঃশর্ত ক্ষমা প্রার্থনাও করতে পারবেন। আদালত সন্তুষ্ট হলে সেই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারবে।" অ্যাটর্নি জেনারেল সাভির্সেস অধ্যাদেশ অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, এতে অধ্যাদেশের ফলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হলো। তিনি বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে দুটি শাখা গঠন করা হবে। একটি সুপ্রিম কোর্ট শাখা, অন্যটি জেলা শাখা। সুপ্রিম কোর্ট শাখার পদগুলো হবে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল। জেলা শাখায় থাকবে জেলা অ্যাটর্নি, অতিরিক্ত জেলা অ্যাটর্নি, যুগ্ম জেলা অ্যাটর্নি এবং সহকারী জেলা অ্যাটর্নি। উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ বছর মেয়াদী 'ওমান - বাংলাদেশ জনশক্তি রপ্তানী বিষয়ক সমঝোতা স্মারক' স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয় বলেও প্রেস সচিব জানান। তিনি বলেন, আগামী ১০ মে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি ওমান যাচ্ছে। সেখানে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হতে পারে। ১৯৭৬ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওমানে দুলাখ ৬৫ হাজার বাংলাদেশী শ্রমিক গিয়েছে। এখন সে দেশে এক লাখ ৭৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএইচবি/২০৫৮ ঘ.