২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন ও ওভারটাইমের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় এক্সপো গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকালে রাস্তায় বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও ওভারটাইমের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় এক্সপো গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বুধবার সকালে রাস্তায় বিক্ষোভ করেছে। এ ঘটনায় রামপুরা সড়কে প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বেতন দেওয়ার বিষয়ে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। খিলগাঁও থানার উপ পরিদর্শক হাবিবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব রামপুরার ডিআইটি সড়কের এক্সপো গার্মেন্টসের শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের ওভার টাইমের টাকা না পেয়ে সকাল ৯টায় রাস্তায় বিক্ষোভ শুরু করে। তারা রামপুরা সড়কে চলাচলকারী যানবাহন লক্ষ করে ইটপাটকেল ছুড়লে তিনটি বাসের কাঁচ ভেঙে যায়। এরপর খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে গার্মেন্টসের ভিতরে নিয়ে যায়। গার্মেন্টস মালিক বেলাল হোসেন বিকেলের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত হয়ে আসে। পুলিশ কর্মকর্তা হাবিবুল আলম জানান, বিকেলে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু করে মালিকপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৪৬ ঘ.