২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে এখনই বিতর্ক চান না ম. তামিম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেছেন, কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে এখনই বিতর্ক করা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় হলে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেছেন, কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে এখনই বিতর্ক করা ঠিক হবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় হলে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে। বুধবার রাজধানীর পেট্রোসেন্টারে পেট্রোবাংলা ও ইউএনডিপি আয়োজিত 'বাংলাদেশে টেকসই উন্নয়ন: বিকল্প জ্বালানি উৎস হিসাবে কয়লা' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ম তামিম বলেন, "উন্মুক্ত না ভূ-গর্ভস্থ; কোন পদ্ধতিতে কয়লা তোলা হবে তা নিয়ে এখন বিতর্ক করা ঠিক হবে না। যখন সিদ্ধান্ত নেব তখন বিতর্ক করব। এজন্য বিশেষজ্ঞদের অর্ন্তভুক্ত করতে হবে। বিশেষজ্ঞরাই আলোচনা করে ঠিক করবেন কোন পদ্ধতি ভালো হবে। প্রয়োজনে এ প্রক্রিয়ার সঙ্গে জনগণকেও অর্ন্তভুক্ত করতে হবে।" দেশের স্বার্থ দেখার পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থও দেখতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "আমাদের জ্বালানি এককভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এখনই গ্যাসের বিকল্প খুঁজতে হবে। যতটুকু কয়লা প্রয়োজন, ততটুকু তুলতে পারলে ভালো হতো। কিন্তু বাস্তবে এটা সম্ভব না।" জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন বলেন, "এটি ঠিক যে, কয়লা তুলতে গেলে পরিবেশ ও মানুষের ওপর প্রভাব পড়বে। কিন্তু কয়লার প্রয়োজনও আছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা গ্যাসের বিকল্প খুঁজছি। আমাদের কাজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া।" পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি'র জ্বালানি বিষয়ক সমন্বয়কারী নন্দিতা মুঙ্গিয়া। লিখিত প্রবন্ধ পড়েন ভারতের কয়লা বিশেষজ্ঞ অধ্যাপক অজয় কুমার ঘোষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/১৯৪৬ ঘ.