২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি স্বল্পতায় পাটুরিয়ায় পারাপারে বিঘ্ন

১২টি ফেরির মধ্যে মাত্র অর্ধেক বর্তমানে সচল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার ব্যাহত হচ্ছে। ফলে উভয় পাড়ে প্রায়ই দেখা দিচ্ছে যানজট। এর মধ্যে বুধবার একটি ফেরিতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 01:02 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মানিকগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২টি ফেরির মধ্যে মাত্র অর্ধেক বর্তমানে সচল থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পারাপার ব্যাহত হচ্ছে। ফলে উভয় পাড়ে প্রায়ই দেখা দিচ্ছে যানজট। এর মধ্যে বুধবার একটি ফেরিতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ১২টি রো রো ফেরির মধ্যে ভাষা শহীদ বরকত ও শাহ আলী ফেরি দুটিকে কয়েক মাস আগে মাওয়ায় পাঠানো হয়েছে। ওই দুটি এখন মাওয়া-জাজিরা রুটে চলে। ফেরি এনায়েতপুরী ও শাহ পরানকে বড় ধরনের মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে বেশ কিছুদিন। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও আমানত শাহ ফেরি দুটি মেরামতের জন্য গত সোমবার পাটুরিয়ায় ভাসমান কারখানায় নেওয়া হয়েছে। ফলে এখন ছয়টি ফেরি চলছে বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানান। ফেরি স্বল্পতার কারণে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে বলে জানালেন ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তা ও গাড়ির চালকরা। প্রায় প্রতিদিনই উভয় ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা যায়। এর মধ্যে ওরস উপলক্ষে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলগামী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দুই দিন ধরে যানজট বেড়ে গেছে। ফেরি স্বল্পতার বিষয়ে বিআইডব্লিওটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেরিগুলো ঘন ঘন বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।" মেরামতের পর চারটি ফেরি চলে এলে সমস্যা অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন তিনি। এদিকে বুধবার সকালে পাটুরিয়া ঘাটের অদূরে শাহ মখদুম ফেরিতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি। ঘাট সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহ মখদুম ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই স্যাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। বিআইডব্লিউটিসি কর্মকর্তা আব্দুুল মতিন বলেছেন, সাইল্যান্সার পাইপে অতিরিক্ত কার্বন জমায় আগুন ধরেছিল। তবে ফেরি কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ আগুন দেখে যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। কয়েকজন যাত্রী নদীতে লাফিয়েও পড়ে। তবে তারা পরে সাঁতরে কূলে উঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৮ ঘ.