ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুিপ্রম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোট পুন:গণনা করে সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে ছয় ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পুন:গণনা শেষে দুপুর সোয়া দুইটায় নির্বাচন উপ কমিটির আহ্বায়ক নিজামুল হক নাসিম অনানুষ্ঠানিক এ ফলাফল ঘোষণা করেন।
ভোট পুন:গণনা শেষে ঘোষিত ফলাফল অনুযাযী সুজন পেয়েছেন ৫১৮ ভোট এবং আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৫১২ ভোট।
মঙ্গলবার রাতের ঘোষিত ফলাফল অনুযায়ী মামুন পেয়েছিলেন ৫১৯ ভোট এবং সুজন পেয়েছিলেন ৫১৭ ভোট। ভোট গণনা শেষে অনানুষ্ঠানিকভাবে সম্পাদক পদে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে দুই ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
এ ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তার নিকটতম প্রতিদ্বন্দী নুরুল ইসলাম সুজন সমিতির নির্বাচন উপ কমিটির কাছে ভোট পুন:গণনার আবেদন জানান।
বুধবার ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে পরাজিত প্রার্থী মামুন ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে বলেন,"এ ফলাফল আমি মানিনা।"
তিনি আরো বলেন, সমিতির গঠনতন্ত্রের কোথায় ভোট পুন:গণনার বিধান রয়েছে?
তিনি আরো জানান,"ব্যালট বাক্স ব্যাংকে রাখার বিধান রয়েছে। রাতে সেই ব্যালট বাক্স কোথায় ছিল? সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির দুর্নীতি চলবেনা।"
এদিকে গতরাতে ভোট গণনা শেষে অনানুষ্ঠানিকভাবে সভাপতি পদে ব্যারিস্টার শফিক আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মাহবুব হোসেনকে ১৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
বিকেল চারটায় নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমএ/১৫০১ঘ.
bdnews24