মৌলভীবাজার, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল-মির্জাপুর সড়কের ভূনবীর এলাকায় বুধবার সকালে বাসচাপায় পেয়ারা বেগম (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার কোলে থাকা তিন বছরের শিশু কন্যা ইমা।
সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
নিহত পেয়ারা ভূনবীর গ্রামের কুতুব উদ্দিনের স্ত্রী।
আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে শমশেরগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি যাত্রীবাহী মিনিবাস শ্রীমঙ্গল-মির্জাপুর সড়কের ভূনবীর গ্রামের জৈতার পুলের উত্তর পাশে পেয়ারা বেগমকে চাপা দেয়। তিনি রাস্তা পার হচ্ছিলেন। মেয়ে ইমা তার কোলেই ছিল।"
বাসচাপায় পেয়ারা ঘটনাস্থলে মারা যান বলে ওসি জানান। ইমাকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১২৫৭ ঘ.
bdnews24