ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা ও ফরিদপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী ও একজন সাংবাদিক মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।
এর মধ্যে ভোলায় বাসের চাকা ফেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক যাত্রী মারা যান। তার নাম মোহাম্মদ জাকির হোসেন (৩২)। তিনি দৈনিক আমাদের সময়ের লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
ফরিদপুরের সদর উপজেলায় বাস চাপায় মারা গেছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুক্তা (৮)।
প্রত্যক্ষদর্শী শিপু মিয়ার উদ্ধৃতি দিয়ে আমাদের ভোলা প্রতিনিধি জানান, ভোলা-চরফ্যাশন সড়কে সকাল ১০ টার দিকে ভোলাগামী সৌখিন পরিবহনের একটি বাস লালমোহনের আবুগঞ্জ থেকে যাত্রী নিয়ে রওয়ানা হয়। এর পরপরই বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ৩০ বাসযাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে মারা যান সাংবাদিক জাকির হোসেন। অবস্থার অবনতি হলে আকবর নামে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত অপর ২৩ জনকে ভর্তি করা হয়েছে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ফরিদপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার ধুলদী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মুক্তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালালউদ্দিন জানান, নিহত মুক্তা উপজেলার কর্পুর গ্রামের হারুন শেখের মেয়ে। সে ধুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24