নোয়াখালী, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে পৃথক দুইটি জোড়া খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখারুল ইসলাম মল্লিক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার বাদশা, মাইন উদ্দিন অশ্র" ও আবু সাইদ লিটন। এরা সবাই এখন কারাগারে আটক আছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল হান্নান মাসুদ নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০১ সালের ১০ জানুয়ারি আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে চাটখিল উপজেলার নোয়াপাড়ায় অস্ত্রের মুখে চিনিভর্তি একটি ট্রাক থামিয়ে চালক আবুল হাসেম ও হেলপার ফিরোজ মিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর পার্শ্ববর্তী পুকুরে ফেলে দিয়ে চিনি বোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়।
এ ঘটনার দু'দিন পর চাটখিল থানা পুলিশ পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে এবং এ ব্যাপারে চাটখিল থানায় একটি মামলা হয়।
অপরদিকে, ওই আসামিরাই একই বছরের ২২ ফেব্র"য়ারি চাটখিল উপজেলার বদলকোর্ট রাস্তার মাথায় অস্ত্রের মুখে একটি বালুভর্তি ট্রাক থামিয়ে চালক সফিকুল ইসলাম ও হেলপার জাকির হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর আবু তোরাব গ্রামের একটি পুকুরে কচুরিপানার নিচে ফেলে চলে যায়। চাটখিল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে এবং একটি হত্যা মামলা করে।
তদন্ত শেষে পুলিশ আবুল বাশার বাদশা, মাইন উদ্দিন অশ্র" ও আবু সাইদ লিটন ও আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে দুইটি পৃথক অভিযোগপত্র দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি (এপিপি) সহিদ হোসেন ও মিজানুর রহমান এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সামছুল ইসলাম ও রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24