ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনে শনিবারের অগ্নিকাণ্ডের সঙ্গে শেভরনের জরিপ কাজের কোনো সম্পর্ক পায়নি পেট্রোবাংলা। সোমবার প্রাথমিক তদন্তের পর পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি শেভরন জানিয়েছে, মঙ্গলবার থেকে ওই এলাকায় আবার ত্রিমাত্রিক জরিপের কাজ শুরু করছে তারা।
গত শনিবার বনে আগুন লাগার পর শেভরন রোববার লাউয়াছড়া এলাকার জপির কাজ স্থগিত করেছিল।
প্রাথমিক তদন্ত সম্পর্কে পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে একজন ভূ-রসায়নবিদ পাঠানো হয়েছিল। সেখানে বিস্ফোরণজনিত আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। অন্য কোনো কারণেও শনিবার বনে আগুন লেগে থাকতে পারে।"
তিনি জানান, ভূ-রসায়নবিদ ওই এলাকার কয়েকটি মাটির ঘরের দেয়ালে ফাটল দেখে এসেছেন। অনেক কারণেই এ ফাটল সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে আরো তদন্ত করা হবে বলে জানান জালাল আহমেদ।
লাউয়াছড়ার আশপাশের ডলুবাড়ি, দিলবর নগর, বিষামনি, রাধানগর, এমআর খাঁন বস্তি ও মাধবপুর গ্রামের বাসিন্দারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধিকে জানিয়েছেন, শনিবার শেভরনের জরিপ কাজের বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে শতাধিক ঘরের দেয়াল ও মাটিতে ফাটল সৃষ্টি হয়।
এদিকে, শনিবারের ঘটনা নিয়ে শেভরনের একটি তদন্তদলও ওই এলাকায় অনুসন্ধান চালিয়েছে।
সোমবার শেভরনের এক বিবৃতিতে বলা হয়, বনের যে অংশে আগুন লেগেছিল সেখানে শেভরনের কোনও জনবল ছিল না। ওই স্থানে জরিপেরও কোনও কাজ করা হয়নি। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।
শেভরনের পরিচালক (এক্সটার্নাাল অ্যাফেয়ার্স) নাছের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার থেকে আমরা আবার লাউয়াছড়ায় জরিপ শুরু করছি।"
১৯৯৯ সালে মৌলভীবাজার গ্যাসক্ষেত্র আবিস্কৃত হওয়ার পর ২০০৫ সালে শেভরন এ ক্ষেত্র থেকে উৎপাদন শুরু করে। প্রতিদিন এ ক্ষেত্র থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। স
bdnews24