২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য জেলায় মোবাইল অপারেটরদের একই নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে হবে

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম জানিয়েছেন, পার্বত্য জেলাগুলোতে সব মোবাইল ফোন অপারেটরকে একই নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে হবে। এ ব্যাপারে অপারেটরদের দু'এক দিনের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম জানিয়েছেন, পার্বত্য জেলাগুলোতে সব মোবাইল ফোন অপারেটরকে একই নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে হবে। এ ব্যাপারে অপারেটরদের দু'এক দিনের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হবে। সোমবার কলসেন্টারের লাইসেন্স প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বিটিআরসি চেয়ারম্যান বলেন, "পার্বত্য জেলাগুলোতে সব মোবাইল ফোন অপারেটরকে একই নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহার করতে হবে। দু'একদিনের মধ্যে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হবে।" তিনি বলেন, "একই অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহার করলে অপারেটরদের হবে নেটওয়ার্ক পরিচালনা ব্যয় কমে আসবে। আর এই অর্থ তারা গ্রাহকদের সেবা দেওয়া কাজে ব্যবহার করতে পারবে।" লাইসেন্স প্রদান অনুষ্ঠানে বিটিআরসির চেয়াম্যান বলেন, "বর্তমান বিশ্বে কলসেন্টারের ৪০০ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। ২০০৯ এর শেষে তা ৬৫০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এই ব্যবসার এক ভাগ ধরতে পারলেও সাড়ে ৬ বিলিয়ন ডলার আয় হবে আমাদের। আর আমাদের দেশে যে মেধা আছে তাতে এটা সম্ভব।" তবে কল সেন্টার প্রশিক্ষণের নামে কেউ যাতে প্রতারিত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন মনজুরুল আলম। অনুষ্ঠানে কলসেন্টারের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান 'ওয়ানকল' এর প্রধান নির্বাহী রিয়াজউদ্দিন মোশারফ বলেন, কলসেন্টারের সঠিক ব্যবহার করতে পারলে বেকারত্ব ৫ থেকে ১০ ভাগ কমে আসবে। এতদিন যেটা স্বপ্ন ছিল এখন আমরা সেই গন্তব্যে যাচ্ছি। তবে আমাদের জনবলকে সঠিক প্রশিক্ষণ দিতে হবে।" ইমাম নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক হারুন আল রশিদ বলেন, "আইপিএলসির বদলে ভিওআইপি ব্যবহারের সুযোগ দেওয়া হলে কলসেন্টারের ব্যয় কমে আসবে। এতে আমরা প্রধান প্রতিযোগী দুই দেশ ভারত ও ফিলিপাইনের চেয়ে কম দামে কাজ করে পারব।" সোমবার ২১টি প্রতিষ্ঠানকে তিনটি শ্রেণীর লাইসেন্স দেওয়া হয়। এর মধ্যে কলসেন্টারের জন্য ১০টি, হোস্টেড কলসেন্টারের জন্য ৪টি এবং হোস্টেড কল সেন্টার সার্ভিস প্রোভাইডারের জন্য ৭টি প্রতিষ্ঠান লাইসেন্স পায়। বিটিআরসি চলতি মাসের শুরুতে কল সেন্টারের লাইসেন্সের জন্য আবেদনপত্র চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৮১০ ঘ.