বাগেরহাট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাত মামলায় ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোর্টচাঁদপুর) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ শহীদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার দুপুরে ঝিনাইদহ বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুর রহমান।
অভিযোগপত্রে আরও দুইজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- মহেশপুর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার ও হামিদপুর গ্রামের রফিউদ্দিন বিশ্বাসের ছেলে মো. মিজানুর রহমান এবং একই উপজেলার পরাণপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইদুল ইসলাম।
অভিযুক্ত সবাই বর্তমানে পলাতক।
দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর ১৪ ফেব্র"য়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাজারে বিএনপিদলীয় সাবেক সাংসদ ও জেলার বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মাস্টারের মালিকাধীন ঘর থেকে ত্রাণের ২১ পিস টিন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মর্তুজা আলী সাবেক সাংসদ শহীদুলকে আসামি করে একটি মামলা করেন।
পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনকে। ১৪ মাস তদন্তকালে টিন আত্মসাতের ঘটনায় শহীদুল ইসলাম ছাড়াও তার দুই সহযোগী মিজান ও সাইদুলের জড়িত থাকার প্রমাণ মেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.
bdnews24