২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত কার্যকর গণতন্ত্রে ফিরে যাওয়ার দাবি ব্যবসায়ী সমাজের

সরকারের চার উপদেষ্টার সঙ্গে প্রাক-সংলাপে দ্রুত কার্যকর গণতন্ত্রে ফিরে যাওয়া ও জরুরি অবস্থার প্রত্যাহার চেয়েছেন দেশের ব্যবসায়ী সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারের চার উপদেষ্টার সঙ্গে প্রাক-সংলাপে দ্রুত কার্যকর গণতন্ত্রে ফিরে যাওয়া ও জরুরি অবস্থার প্রত্যাহার চেয়েছেন দেশের ব্যবসায়ী সমাজ। সোমবার দুপুরে সরকারের সঙ্গে প্রাক-সংলাপ বৈঠকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসহ (এফবিসিসিআই) শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা এ আহ্বান জানান। বৈঠক শেষে ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "আমরা কার্যকর গণতন্ত্রে ফিরে যেতে চাই। উনারা এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন। জরুরি অবস্থা তুলে নিতে সবাই বলেছেন, আমরাও বলেছি।" আনিসুল হক বলেন, "বৈঠকে দেশের সাধারণ মানুষের কথা বলেছি। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার 'গ্যারান্টি' চাই। পরিশীলিত ও কার্যকর একটি রাজনৈতিক পরিবেশ ও নির্বাচিত সরকারে ফিরে যেতে চাই আমরা।" তিনি বলেন, "সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু কী সংস্কার সেটা জানতে পারি নি। রাজনীতিসহ সবক্ষেত্রে গুণগত পরিবর্তন চাই। আমরা ওয়ান ইলেভেনের আগের রাজনৈতিক পরিবেশে ফিরে যেতে চাই না।" তিনি জানান, আগামী ১০/১৫ দিনের মধ্যে ব্যবসায়ীদের সম্মিলিত একটা মতামত সরকারকে জানাবেন তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, "যারা পরবর্তী সময়ে সরকারে আসবেন তারা কি কথা দেবেন- হরতাল করবেন না, বন্দর বন্ধ করবেন না?" তিনি বলেন, "ব্যক্তিগত মত হিসেবে কেউ কেউ বলেছেন ছাত্র ও শিক্ষক রাজনীতি থাকা উচিত না।" সোমবার বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ব্যবসায়ী সংগঠনের নেতাদের আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-সংলাপ শুরু করেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বৈঠকের শুরুতে উপস্থিত থাকলেও কিছুক্ষণ পর বেরিয়ে যান। ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, ওষুধ শিল্প সমিতির সভাপতি এম শফিউজ্জামান, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লতিফুর রহমান প্রমুখ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের সঙ্গে প্রাক-সংলাপে অংশ নেন উপদেষ্টারা। সংলাপে মহাসচিব মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে খেলাফত মজলিস সাত দফা প্রস্তাব করেছে। সংলাপ শেষে সংগঠনের নেতারা সংবাদিকদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা, অনতিবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনী রোডম্যাপ যথাসময়ে বাস্তবায়নের পরিবেশ নিশ্চিত করা, সবচেয়ে আগে জাতীয় সংসদ নির্বাচন করা, নারী উন্নয়ন নীতি সম্পর্কে পর্যালোচনা কমিটির সুপারিশ বাস্তবায়ন, আটক রাজনৈতিক ব্যক্তিসহ সব বিচার কাজে স্বচ্ছতা নিশ্চিত করা, যাদের বিষয়ে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের মুক্তি দেওয়া এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠা ও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারে প্রস্তাব করেছেন তারা। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সরকারের চলমান প্রাক-সংলাপ প্রক্রিয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/এমএ/১৬১৮ঘ.