ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্রুপের সাবেক পরিচালক আবু সুফিয়ানের জামিন আবেদন নথিতে রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ঢাকার ৩ নং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো: গোলাম রাব্বানী এ আদেশ দেন।
কারাগারে অভিযুক্ত আবু সুফিয়ানের সুচিকিৎসারও আদেশ দেন তিনি।
আবু সুফিয়ানকে সোমবার দুপুর সাড়ে ১১টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
তার পক্ষে জামিন ও চিকিৎসার আবেদন করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মনসুর (রিপন)।
তিনি বলেন,"অভিযুক্তের বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে সেগুলো শুধুমাত্র সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আনা যায়। অভিযুক্ত সরকারি কর্মচারী নন।"
আবু সুফিয়ানের পক্ষের আইনজীবী আদালতে আরো জানান, মামলার এ ঘটনা ঘটেছে ২০০৫ এর পরে যখন অভিযুক্ত বসুন্ধরার পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি নিয়েছিলেন।
বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা হুমায়ুন কবীর সাব্বিরকে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আবু সুফিয়ানকে রোববার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।
আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়, ঘুষ লেনদেনের মাধ্যম এবং ঘুষ দাতা-গ্রহীতাদের মধ্যে যোগাযোগ রক্ষা করে টাকা লেনদেনে মূখ্য ভূমিকা পালন করেন বসুন্ধরা গ্র"পের সাবেক পরিচালক আবু সুফিয়ান। তিনি অপর আসামী প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী সলিমুল হক কামালের নামে প্রাইম ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় টাকা জমা দেন সাব্বির হত্যা মামলার আসামীদের বাঁচানোর জন্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ সহকারী পরিচালক রূপক কুমার সাহা প্রতিবেদনে আরো বলেন, "আসামী ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি জামিন পেলে পলাতক হবেন। তার জামিনের ঘোর বিরোধিতা করা হচ্ছে।"
২০০৬ সালের ৪ জুলাই গুলশানের একটি অ্যাপার্টমেন্টে খুন হন বসুন্ধরা টেলিকমের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির। ৫ জুলাই তার লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানো চেষ্টা করা হয়।
ঘটনা প্রকাশ হয়ে গেলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।
এ অভিযোগে গত ২০০৭ সালের ৪ অক্টোবর বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানবির ও সাদাত সোবহান, বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট এর পরিচালক আবু সুফিয়ান ও তারেক রহমানের ব্যাক্তিগত সহকারী নূরউদ্দীন অপুর বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক রূপক কুমার সাহা মামলার অভিযোগপত্রে তারেক রহমান ও সাবেক সাংসদ কাজী সলিমুল হক কামালের (প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান) নাম আসামি হিসেবে যুক্ত করেন।
আসামিদের মধ্যে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর বর্তমানে কারাগারে এবং বাকিরা পলাতক রয়েছেন।
রূপক কুমার সাহা জানান, হত্যাকাণ্ডের পর আবু সুফিয়ান ঘুষ লেনদেনের বিষয়ে মধ্যস্থতা করেন। এ ঘটনার পর তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কয়েকদিন আগে তার দেশে ফেরার খবর পেয়ে কমিশন তাকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। রোববার বিকেলে তাকে কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমএ/১৪৪২ ঘ.
bdnews24