কিশোরগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রোববার রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ফুল মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শাহজাহান (৪০) নামে অপর এক ডাকাত।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নেত্রকোনা জেলার খালিয়াজুরি থেকে ধান লুট করে ১৫/১৬ জন ডাকাতের নৌপথে পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। রাত দুইটার দিকে হাজী বিল্লাল মিয়ার চর এলাকায় ডাকাত দল ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়। পুলিশ আহত অবস্থায় ফুল মিয়া ও শাহজাহানকে আটক করলেও ডাকাত দলের অন্য সদস্যরা সাঁতরে পালিয়ে যায়।
পরে ইটনা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা জানান, ফুল মিয়া মারা গেছে।
পুলিশ কর্মকর্তা সারোয়ার জানান, ডাকাতদের নৌকা থেকে ৭০টি বস্তায় থাকা প্রায় ২০০ মন ধান, ২টি বল্লম, ২টি রামদা ও লাঠি-সোঁটা উদ্ধার করা হয়েছে।
নিহত ফুল মিয়ার বাড়ি ইটনার এলংজুড়ি ইউনিয়নের অষ্টগ্রামে। সে ও শাহজাহানের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩১৭ ঘ.
bdnews24