২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস সহকারীর হাতে ছাত্র প্রহৃত, চবি ক্যাম্পাসে বিক্ষোভ-ভাঙচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে চলাচলকারী বাস তরী পরিবহনের চালক ও সহকারীর হাতে রোববার সন্ধ্যায় রসায়ন বিভাগের এক ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে ক্যাম্পাসে গাড়ি ভাঙচুর ও মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 04:42 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে চলাচলকারী বাস তরী পরিবহনের চালক ও সহকারীর হাতে রোববার সন্ধ্যায় রসায়ন বিভাগের এক ছাত্র প্রহৃত হওয়ার জের ধরে ক্যাম্পাসে গাড়ি ভাঙচুর ও মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরে বসবাসকারী শিক্ষার্থীরা রাত সাড়ে আটটার দিকে ষোলশহর রেল স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটিও আটকে দেয়। সেইসঙ্গে তারা বিশ্ববিদ্যালয়গামী বাস চলাচল বন্ধ করে দেয়ায় ক্যাম্পাস কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আদনান আল হোসাইন ক্লাশ শেষে শহরে ফেরার জন্য বিশ্ববিদ্যালয় ২ নম্বর রেল স্টেশন গেটে অপেক্ষা করছিল। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী তরী পরিবহনের একটি বাসকে থামার জন্য ইঙ্গিত করলে বাসের সহকারী তাকে নিতে অস্বীকার করে। আদনান নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাসের চালক ও সহকারী আদনানকে রড ও লাঠি দিয়ে প্রহার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী রসায়ন বিভাগের মাস্টার্সের ছাত্র নাজমুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রক্তাক্ত অবস্থায় আদনান ক্যাম্পাসে ফিরে বিভিন্ন হলের আবাসিক ছাত্রদের ঘটনাটি জানালে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে আদনানকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে বিক্ষুব্ধ ছাত্ররা ওই রাতেই ক্যাম্পাসের রেল স্টেশন, ২ নম্বর রেল গেট ও ১ নম্বর গেটে মিছিল করে দোষী বাস চালক ও সহকারীর শাস্তি দাবি করে। তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বাস চলাচল বন্ধ করে দেয় এবং ১ নম্বর গেটে দুটি বাস ভাঙচুর করে বলে নাজমুল জানান। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বাস মালিকদের ডাকা হচ্ছে। তাদের সাথে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।" বিডিনিউজ টেচায়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/জেকে/এমএইচবি/২২৩৬ ঘ.