২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বোরো না করেও ডিজেলে ভর্তুকির টাকা পেলেন আট কৃষক

বোরো ধান চাষ না করেও নাটোর সদর উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সমসখলসী গ্রামের আট ব্যক্তি ডিজেল ভর্তুকির টাকা পেয়েছেন। সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, "এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

নাটোর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো ধান চাষ না করেও নাটোর সদর উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সমসখলসী গ্রামের আট ব্যক্তি ডিজেল ভর্তুকির টাকা পেয়েছেন। সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, "এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" রোববার সদর উপজেলার সমসখলসী গ্রামে সরেজমিন ঘুরে দেখা গেছে, গ্রামের কৃষক আব্দুল মালেক ২ বিঘা, ষষ্ঠি চরণ ৩ বিঘা, সামছুল ইসলাম ১ বিঘা, খাদেম আলী ১ বিঘা বোরো ধানের জমিতে ডিজেল ব্যবহার করে সেচ দিলেও ভর্তুকির টাকা পাননি। অথচ একই গ্রামের হিরুর ছেলে সিবেন, নিরেনের ছেলে নিবারণ, শুকুরের ছেলে মতলেব, মেহেরের ছেলে মাহাবুর, মজিবরের ছেলে বজলুর, শুকুরের ছেলে আজিজ, বাচ্চু মোল্লার ছেলে বিশু ও নীরেনের ছেলে নরেশ বোরো ধান চাষ না করেও ডিজেল ভর্তুকির টাকা পেয়েছেন। এ ব্যাপারে কৃষক সামছুল ইসলাম জানান, ডিজেলে ভর্তুকির তালিকায় কার নাম আছে, কার নাম নেই বা যাদের আছে তাদের কত টাকা বরাদ্দ আছে এর কোন কিছুই তাদের জানানো হচ্ছে না। তিনি অভিযোগ করেন, তালিকা দেখতে চাইলেও তাদের দেখানো হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, কৃষি কর্মকর্তাদের তালিকা তৈরি ও টাঙানো বাবদ সরকার কোন খরচ দেয়নি বলে কোন কোন লোকের নামে টাকা উঠিয়ে খরচ করা হচ্ছে বলে তিনি সংশ্লিষ্টদের কাছে জেনেছেন। তবে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান এই বক্তব্য প্রত্যাখান করে বলেন, "এ অভিযোগ সঠিক নয়। তবে তালিকা টাঙানোর জন্য সরকার টাকা দিচ্ছে না এটা ঠিক।" নুরুজ্জামান জানান, "কিছু কিছু অনিয়ম হয়েছে সত্য। তবে তা হয়েছে সময় স্বল্পতার কারণে।" অনিয়মের দায়ভার স্বীকার করে নিয়ে তিনি বলেন, "ডিজেলে ভর্তুকি প্রাপ্ত কৃষকদের তালিকা তৈরির জন্য দুই মাস আগে থেকেই কৃষি কর্মকর্তারা (ব্লক সুপারভাইজাররা) কাজ করছেন। তাদের সেই তালিকা যাচাই করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র দু'দিন। এতো অল্প সময়ে নয়শ কৃষকের তালিকা ঠিক আছে কি নেই তা যাচাই করা সম্ভব হয়নি। আরও কিছুদিন সময় পেলে হয়তো এ ধরনের ভুল হতো না।" নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনছুর রহমান জানান, মাঠ পর্যায়ের কৃষকদের আবেদন পত্র যাচাই করার দায়িত্ব ছিল ইউনিয়ন কৃষি কমিটির। যদি কোন অনিয়ম ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রকৃত কোন কৃষক ডিজেল ভর্তুকি না পান তাহলে তারা এখনও যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (নাটোর) এ কে এম সাখাওয়াত হোসেন জানান, তালিকা দেখার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে তালিকা টাঙানোর নির্দেশ রোববারই তাদের হাতে এসেছে। চিঠি পাওয়ার পর পরই তিনি সংশ্লিষ্টদের প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে টাঙানোর নির্দেশ দিয়েছেন। আগামী দু'এক দিনের মধ্যে তালিকা টাঙানো শেষ হবে। তিনি স্বীকার করেন, তালিকা প্রস্তুত ও টাঙানো বাবদ সরকার কোন বরাদ্দ দেয়নি। ফলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কিছুটা সমস্যা হচ্ছে। তবে এ কারণে কেউ অনিয়ম করেছে এটা তিনি মনে করেন না। গত ১৮ এপ্রিল থেকে নাটোরে বোরো চাষীদের মধ্যে ডিজেল ভর্তুকি দেওয়া শুরু হয়েছে। জেলার মোট ৪৯ হাজার ৮৯১ জন চাষীকে এর আওতায় ২ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৩৯৬ টাকা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৫৪ ঘ.