মারুফ মল্লিক
স্টাফ করসপনডেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --হিমালয় থেকে সৃষ্টি হওয়া নদীর পানি সম্পদের ব্যবহার নিয়ে আগামী মাসে ঢাকায় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ৫টি দেশ ও চীন অংশ নেবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি এস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ অঞ্চলের পানি সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা করতে মে মাসে ঢাকায় সম্মেলন অনুষ্ঠিত হবে।"
পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে আইইউসিএন। বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পানি সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।
সম্মেলনে পানি সম্পদের ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরামর্শ দেওয়া হতে পারে। জল বিদ্যুৎ উৎপাদন করে আঞ্চলিক গ্রিডের মাধ্যমে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সরবরাহ করার সম্ভাব্যতা আলোচিত হবে সম্মেলনে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গ্যাসের ওপর চাপ কমিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে জল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হতে পারে।
মন্ত্রণালয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের মূল আলোচ্য বিষয় হবে পানি। নদীগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। বাংলাদেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে। নেপালে জলাধার নির্মাণ করা গেলে শুষ্ক মওসুমে প্রবাহ বাড়িয়ে নদীগুলোকে রক্ষা করা সম্ভব হবে।"
কর্মকর্তাটি জানান, সম্মেলনে সরকারি, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশের পর ভারত ও নেপালে এ ধরনের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে শীর্ষ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হতে পারে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আলম তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনে ভারত, পাকিস্তান, ভূটান, নেপাল ও চীনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
তিনি বলেন, হিমালয়ের নদীগুলো কিভাবে সবার জন্য লাভজনক করা যায় সে বিষয়ে মতবিনিময় করা হবে। বিষয়টি অন্যরা কোন আঙ্গিকে দেখছে তা নিয়েও আলোচনা করা হবে।
বেসরকারী সংগঠন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ সেক্রেটারিয়েটের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তি অনুযায়ী আঞ্চলিক নদী গঙ্গার পানি পাওয়া গেলেও এটি একটি অসম চুক্তি এবং চুক্তির শর্তেরও লঙ্ঘন হচ্ছে। গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে আসার আগেই বিহারের পাটনা ও উত্তর প্রদেশে প্রত্যাহার করা হচ্ছে।"
তিনি বলেন, সম্মেলনের মূল ইস্যু হবে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র বের করে আনা। নেপালে জলাধার তৈরি করা যেতে পারে। এতে করে সেখানে জল বিদ্যুৎ উৎপাদন করে এ অঞ্চলের দেশগুলোতে সরবরাহ করা যাবে। আবার শুষ্ক মওসুমে অতিরিক্ত পানি সরবরাহ করে নদীর প্রবাহ বাড়ানো যাবে।
বাংলাদেশে সীমান্ত নদী রয়েছে ৫৭টি। ভারতের সঙ্গে ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি। শুধুমাত্র গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৮৩৪ঘ.
bdnews24