ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভুক্তভোগীদের অভিযোগ শোনা যাদের দায়িত্ব সেই কর্মকর্তাদের দ্বারস্থ হয়ে কাজ না হলে ওয়াসার খোদ ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে ফোন করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
পানি সঙ্কটে নাকাল রাজধানীবাসীকে রোববার এ পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেছেন, সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, "প্রতিবছরের মতো এবারের গ্রীষ্ম মৌসুমেও পানি সঙ্কট দেখা দিয়েছে। মূলত বিদ্যুৎ সঙ্কটের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অন্যবারের তুলনায় এবার পানির অভাব একটু বেশি।"
নগরবাসীকে পানি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জানানোর অনুরোধ জানিয়ে আনোয়ারুল ইকবাল বলেন, "অভিযোগ কেন্দ্রগুলো সর্বক্ষণ সক্রিয় রয়েছে। আপনারা পানি সংক্রান্ত যে কোনো অভিযোগ সেখানে জানাতে পারেন। এরপরও ইতিবাচক ফল না পেলে সরাসরি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মোবাইলে ফোন করবেন।"
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীনের মোবাইল ফোন নম্বর ০১৭১৪১৬৬১৫৫।
সঙ্কট মেটানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, "ওয়াসার মোট পাম্পের অধের্কেই এখনো জেনারেটর বসানো হয়নি। সেগুলোতে জেনারেটর বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।"
এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগরীতে ওয়াসার ৪৮২টি গভীর নলকূপ রয়েছে। পাম্প চালানোর জন্য জেনারেটর রয়েছে ২৭৪টি। সঙ্কট কাটিয়ে জন্য আরো অন্তত একশ' জেনারেটর দরকার।
ওয়াসার হিসাব অনুযায়ী, ঢাকায় প্রতিদিন গড়ে ২০ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, নতুন বসানো ২৩টি গভীর নলকূপ আগামী সপ্তাহ থেকে চালু হওয়ার কথা। এতে পানির উৎপাদন দৈনিক সাড়ে সাত কোটি লিটার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা জানান, ২০০৭ সালের জানুয়ারির পর থেকে গত ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকায় ৭৬টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এর ফলে সরবরাহ বেড়েছে দৈনিক ১৫ কোটি লিটার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/আরবি/জেকে/এসকে/১৭৫৮ঘ.
bdnews24