ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি রাজনীতিকদের 'দুর্বৃত্ত' আখ্যা দিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসন বলেছেন, "কারাবন্দি দুর্বৃত্তদের মুক্তি চেয়ে যারা আন্দোলনের হুমকি দিচ্ছে তারা দুর্বৃত্তদের সহযোগী।"
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে গণফোরামের 'ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা ও সংলাপ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা দেশ ও দশের মঙ্গল চাই। রাজনীতিবিদরা মুখ দিয়ে যেটা বলেন, সেটা করে দেখানোর সময় এখন। এই দুঃসময়ে আপনারা জনগণের পাশে দাঁড়ান।"
রোডম্যাপ অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন চেয়ে কামাল হোসন বলেন, "দেশে বিরাজমান নানা সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। তারপরও সরকারের উচিত রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে নির্বাচন করা। কেবল সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই সংসদকে কার্যকর করা সম্ভব।"
গণফোরমের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, "রাজনীতির স্বার্থে যে কোনো দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হতে পারে। তবে জামায়াতে ইসলামির সঙ্গে কোনো রাজনৈতিক আঁতাত নয়।"
দলের সমন্বয়ক মফিজুল খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য খন্দকার ফজলুল হক, এ এইচ খালেকুজ্জামান, কমান্ডার আব্দুর রবসহ গণ ফোরামের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএইচবি/২২০৭ ঘ.
bdnews24