চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দুই দিনে নামিয়ে আনতে চায় কর্তৃপক্ষ।
শনিবার বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর এম ফারুক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই লক্ষ্যের বিষয়টি জানান। তিনি বলেন, "১৮৮৮ সালে চালু হওয়া এ বন্দর বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভাল সময় অতিবাহিত করছে।"
বন্দর চেয়ারম্যান বলেন, "সব সময়ই এ বন্দর ভালভাবে চলেছে। তবে ২০০৬ সালে বন্দরের অবস্থা সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে গিয়েছিল। সে সময় শ্রমিক ও রাজনৈতিক আন্দোলনের কারণে জাহাজের গড় অবস্থানকাল ছিল ১২ থেকে ১৩ দিন।"
চট্টগ্রাম বন্দরের ১২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই মতবিনিময় সভায় কমোডোর ফারুক বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বন্দর সংস্কারের সুফল ইতোমধ্যে দেশবাসী পেয়েছে। টানা কয়েক মাসের পরিশ্রম ও চেষ্টায় বর্তমানে জাহাজের গড় অবস্থানকাল তিন দিনের নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি জানান, বর্তমানে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল দুই দশমিক ৪২ দিনে নামিয়ে আনা হয়েছে। আগামী জুন নাগাদ তা দুই দশমিক চার দিনে এবং এ বছরের শেষ দিকে তা দ্ইু দিনে নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রানজিট বিষয়ে জানতে চাইলে বন্দর চেয়ারম্যান কোন মন্তব্য করতে রাজি হননি। এটা নীতি নির্ধারকদের বিষয় বলে তিনি এড়িয়ে যান। তবে বন্দরের সক্ষমতা সম্পর্কে তিনি জানান, বর্তমানে বন্দরের যে ধারণক্ষমতা এবং পণ্য ওঠা-নামায় (হ্যান্ডলিং) যে দক্ষতা রয়েছে তা দিয়ে এর দ্বিগুন পণ্য ওঠানামা ও সরবরাহের কাজ করা সম্ভব।
তিনি বলেন, বন্দরের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার ফলে ২০২০ সাল পর্যন্ত বন্দরে প্রতি বছর ২০ লাখ টিইইউএস পণ্য হ্যান্ডলিং করা সম্ভব।
কমোডোর ফারুক জানান, শিগগির বার্থ অপারেটর নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহবান করা হবে। বর্তমানে ১৩টি জেটিতে যেসব বার্থ অপারেটর চুক্তিভিত্তিক কাজ করছে সেখানে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কাজ শেষ হয়েছে। এখন ব্যাকআপ ফেসিলিটিজ নিশ্চিত করার জন্য ১২১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
নতুন কন্টেইনার ইয়ার্ড পোর্ট পার্কের বিষয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এটির ৮২ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাস নাগাদ এটির কাজ শেষ হয়ে যাবে। এছাড়া বন্দরকে গতিশীল রাখতে এবং দক্ষতা বাড়াতে প্রশাসনিক পর্যায়সহ সব ক্ষেত্রের কাজে শৃঙ্খলা আনা হয়েছে।
মতবিনিময় সভায় বন্দর সদস্য প্রকৌশল এ এইচ এম আবু তৈয়ব, সদস্য প্রশাসন ও পরিকল্পনা হাদী হোসেন বাবুল, সদস্য মেরিন ও হারবার ইয়াহইয়া সাঈদ, সদস্য অর্থ হারুন মিয়া, পরিচালক যান্ত্রিক ও বিদ্যুৎ এম কে বখতিয়ার, প্রধান প্রকৌশলী আব্দুল মান্নানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24