নরসিংদী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার টিটির চর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে শনিবার দুপুরে পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার তারা মেঘনা বাজার ঘাট থেকে টিটির চর যাওয়ার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন।
উদ্ধারকৃতরা হলেন- আমেনা বেগম (৬০), হাজেরা বেগম (৫০), রাজিয়া বেগম (৪০), মাফিয়া (১৪) ও অজ্ঞাতনামা নারী (৬০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, শুক্রবার সকালে মেঘনা বাজার ঘাট থেকে টিটির চর যাওয়ার সময় একটি ইঞ্জিত চালিত নৌকা থেকে যাত্রীরা পড়ে যান। ওই সময় নৌকায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। ভাড়া আদায়ের সময় নৌকা কাত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও এই পাঁচজনকে উদ্ধার করা যায়নি। শনিবার দুপুরে স্থানীয় লোকজন তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ উদ্ধারের ঘটনায় নরসিংদী সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০২০ ঘ.
bdnews24