ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি চালিত অটোরিক্সা ও ট্যাক্সি ক্যাবের ভাড়া বাড়িয়েছে সরকার। তবে সিএনজি চালিত বাসের ভাড়া আগের মতোই থাকবে।
এখন থেকে সিএনজি অটোরিক্সার ক্ষেত্রে প্রথম দু'কিলোমিটারের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে ১৮ টাকা এবং এরপর প্রতি কিলোমিটারে ছয় টাকা। যাত্রার সময় বিরতি নিলে মিনিটপ্রতি এক টাকা করে ভাড়া দিতে হবে।
নন এসি ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০ টাকা ভাড়া নির্ধারণ করেছে সরকার। আর দু'কিলোমিটারের পরবর্তী প্রতি কিলোমিটারে ভাড়া হবে আট টাকা।
এছাড়া, এসি ট্যাক্সি ক্যাবের ভাড়া প্রথম দু'কিলোমিটারে ৪০ টাকা এবং এরপর প্রতি কিলোমিটারে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে ভাড়ার এই নতুন হার নির্ধারণ করা হয়।
এর আগে সিএনজি অটোরিক্সার ন্যূনতম ভাড়া ছিল সাড়ে ১৩ টাকা, নন-এসি ট্যাক্সি ক্যাবের ১৫ টাকা ও এসি ট্যাক্সি ক্যাবের ভাড়া ছিল ২০ টাকা।
প্রথম দু'কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে সিএনজি অটোরিক্সার ভাড়া ছিল সাড়ে পাঁচ টাকা। নন এসি ট্যাক্সি ক্যাবের ভাড়া ছয় এবং এসি ট্যাক্সি ক্যাবের ভাড়া ছিল আট টাকা।
ভাড়া পুনর্নিধারণ করায় কিলোমিটার প্রতি সিএনজি অটোরিক্সার ভাড়া বেড়েছে ১০ শতাংশ, নন এসি ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে তা ৩৩ শতাংশ এবং এসি ট্যাক্সি ক্যাবের ক্ষেত্রে ২৫ শতাংশ।
বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) থেকেই পুনর্র্নিধারিত ভাড়া কার্যকর হবে।"
তিনি আরো বলেন, "সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ানো হবে না। তারা আগে থেকেই ডিজেল চালিত বাসের সমান ভাড়া নিচ্ছে। আর ট্রাক ভাড়া সরকার নির্ধারণ করে না।"
যোগাযোগ সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল, বিআরটিএ'র চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএ'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
সরকার গত বৃহস্পতিবার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে। শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
২০০৭ সালের ২৯ মে'র পর সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া আবার পুনর্র্নিধারণ করা হল। এসি ও নন এসি ট্যাক্সি ক্যাবের ভাড়া ১৯৯৮ সালের পর প্রথম বারের মতো বাড়ানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএ/২০১৫ ঘ.
bdnews24