বাগেরহাট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে চালকলসহ ছোটবড় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজার শাখা। তবে এতে কেউ হতাহত হয়নি।
বাগেরহাট ও মোড়েলগঞ্জ দমকল বাহিনীর দু'টি ইউনিট এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পৌঁনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাংলাদেশ কৃষি ব্যাংকের দৈবজ্ঞহাটি বাজার শাখা আংশিক পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত অন্য প্রতিষ্ঠানগুলো হল- আলাউদ্দিন হালদারের চালকল, ফারুক হাওলাদারের চাল, তেল, মশলাগুড়া করার তিনটি কল ও মুদি দোকান, শামছু মল্লিকের একটি চালকল ও মুদি দোকান, গোবিন্দ দাসের মিষ্টির দোকান, সাধন দাসের মুদি দোকান, দেলোয়ারের মুদি দোকান।
বাগেরহাট দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, দৈবজ্ঞহাটি বাজারে দুপুরে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ও মোড়েলগঞ্জ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনের চালের কলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম দেলোয়ার হোসেন জানান, দৈবজ্ঞহাটি বাজারে আগুন লেগে চাল, তেল, চিড়া, ডাল কলসহ প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণকান্ত বিশ্বাস তালিকা ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে প্রাথমিক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24