২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সয়াবিনের দাম আবার বেড়েছে

চট্টগ্রাম নগরীর খুচরা বাজারে খোলা ও বোতলজাত উভয় ধরনের সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকার ও মানভেদে বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আর খোলা সয়াবিন কেজিতে বেড়েছে অন্তত ৫ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুচরা বাজারে খোলা ও বোতলজাত উভয় ধরনের সয়াবিন তেলের দাম আবার বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রকার ও মানভেদে বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। আর খোলা সয়াবিন কেজিতে বেড়েছে অন্তত ৫ টাকা। শুক্রবার নগরীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খোলা সয়াবিনের দাম প্রতি কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। বিভিন্ন কোম্পানির ৫ লিটারের প্রতি জারে বেড়েছে ৫০ টাকা। এছাড়া এক লিটার ও ৯০০ মিলিলিটারের বোতলের দাম দামও ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগে খোলা সয়াবিন প্রতি কেজি বিক্রি হয়েছে ১০৫ টাকায়। শুক্রবার সেটা বিক্রি হয়েছে ১১০ টাকায়। এছাড়া সুপার সয়াবিন (খোলা) বিক্রি হয়েছে ১০৭ থেকে ১০৮ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল ১০২ থেকে ১০৩ টাকা। সাত দিন আগে রূপচান্দা ব্র্যান্ডের সয়াবিন তেলের ৫ লিটারের জার ৫১৫ টাকায় বিক্রি হলেও শুক্রবার সকালে তা বিক্রি হয়েছে ৫৬৫ টাকায়। শুধূ রূপচান্দা নয় দাদা ও পুষ্টি ব্র্যান্ডের তেলের জারের দামও বেড়েছে প্রায় একই হারে। এক লিটারের রূপচান্দা জার ১১৫ টাকা, দাদা ১১৪ টাকা, পুষ্টি ১১৬ টাকায় বিক্রি হচ্ছে। রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানি আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোলা সয়াবিনের দাম বাড়ার পরপরই গত শনিবার থেকে বিভিন্ন কোম্পানি বোতলজাত তেলের দাম নতুন করে নির্ধারণ করে দেয়। আর এতে দাম বেড়ে গেছে। ডিলারদের রশিদে দেখা গেছে, শনিবারের আগে ৫০৯ টাকায় কেনা রূপচান্দা সয়াবিন তেলের জার খুচরা বিক্রেতারা কিনেছেন ৫৫৯ টাকায়। দাদা ব্য্রান্ডের ৫ লিটারের জারের ডিলার মূল্য ৫৫৬ টাকা। এছাড়া এক লিটারের রূপচান্দার বর্তমান ডিলার মূল্য ১১২ টাকা, দাদা ১১৩.৫০ টাকা। রূপচান্দার দুই লিটারের জারের ক্রয়মূল্য ২২৯.৫০ টাকা, দাদা ২২৪ টাকা। বিক্রেতা আহমেদ কবীর আরও জানান, ডিলার মূল্যের চেয়ে পাঁচ টাকা বেশি দামে আমরা বিক্রি করি। সরবরাহ কমিয়ে দিলে দাম আরও বেড়ে যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। খুচরা বাজারে বিভিন্ন মানের আতপ চালের দাম কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত কমেছে। তবে সিদ্ধ চালের দাম কমেনি। বাজার ঘুরে দেখা গেছে, বার্মা বেতি (মোটা) প্রতি কেজি ২৮ টাকা, ভারতীয় বেতি ৩২ টাকা মিনিকেট আতপ ৩৭, মিনিকেট সিদ্ধ ৩৮, পারি সিদ্ধ ৩৭, জিরাশাইল ৪২ টাকা, নাজিরশাইল ৪০ থেকে ৪১ টাকা, দিনাজপুরী পাইজাম ৪২ টাকা দরে বিক্রি হয়। এছাড়া পাকিস্তানি বেতি ৩৩ টাকা, দেশি বেতি ৩২ টাকায় বিক্রি হয়েছে। নতুন চাল উঠতে শুরু করায় দাম আরও কমবে বলে মনে করেন খুচরা চাল বিক্রেতা আবদুর রাজ্জাক। তিনি বলেন, মোটামুটি ভাল মানের চালের দাম ত্রিশ টাকার নিচে নামবে না। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত আটা ও ময়দার দাম বৃদ্ধি পেয়ে স্থির আছে। ফ্রেশ কোম্পানির প্রতি কেজি আটা ৪৩ টাকা, ফৌজি ৪৪ টাকা, সিলভার ৪২ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সিলভার ময়দা ৪৪ এবং ফৌজি ময়দা প্রতি কেজির প্যাকেট বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। খামারের মুরগির ডিম আগের সপ্তাহের তুলনায় কমেছে। লাল ও সাদা উভয়ের ধরনের খামারের মুরগির ডিম প্রতি শ' বিক্রি হয়েছিল গড়ে ৫২০ টাকা। এ সপ্তাহে লাল ডিম প্রতি শ' ৪২০ টাকা এবং সাদাটা ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের দামও কমেছে। গত সপ্তাহে প্রতি শ' ডিম ৫১৫ থেকে ৫২০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ৪৭০ টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে দেশি মুরগির ডিমের দাম কমেনি। প্রতি শ' ডিম বিক্রি হচ্ছে ৫২০ টাকায়। গত সপ্তাহেও এই দাম দেশি মুরগির ডিম বিক্রি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৩৫ ঘ.