মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট
ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংযোগ ফি ছাড়াই দেশের প্রায় আট লাখ ডিজিটাল টেলিফোনে ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বেসরকারি টেলিফোন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধাপ্রদানসহ কলরেটও কমানো হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমস্ত ডিজিটাল টেলিফোনে ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। এ জন্য গ্রাহকদের কোনও সংযোগ ফি দিতে হবে না।"
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডায়াল-আপ ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহকদের কোনও ফি দিতে হবে না। স্থানীয় এক্সচেঞ্জে আবেদন করতে হবে। টেলিফোন লাইনের মালিকানা যাচাইয়ের পর গ্রাহককে একটি গোপন নম্বর (পাস ওয়ার্ড) দেওয়া হবে এক্সচেঞ্জ থেকে। ওই গোপন নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। গ্রাহককে কেবলমাত্র ইন্টারনেট ব্যবহারের ফি দিতে হবে।
বর্তমানে বিটিটিবির ডায়াল-আপ ইন্টারনেট সংযোগের জন্য ফি হচ্ছে ৩০০ টাকা। প্রথম মাসে ৮০০ মিনিট কোন ধরনের ফি ছাড়াই ব্রাউজ করা যায়। পিক আওয়ারে প্রতি মিনিট ৪০ পয়সা এবং অফ পিক আওয়ারে ২০ পয়সা। সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পিক আওয়ার হিসাব করা হয়। আর অনির্দিষ্ট ব্যবহারের জন্য সংযোগ ফি ৩০০ টাকা। মাসে ফি ১০০০ টাকা। ইন্টারনেটের বিলের হার আরও কমানো হবে। এ সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। বর্তমানে বিটিটিবির ডায়াল আপ ইন্টারনেট গ্রাহক সংখ্যা ২০ হাজারের কিছু বেশি।
এছাড়া রাজধানীতে বিটিটিবির ২০ হাজার লাইনে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়। দ্রুত এ প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ বিভাগে পাঠানো হবে। একই লাইনে গ্রাহক টেলিফোন ও ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবে। এ জন্য বিটিটিবির ডিজিটাল এক্সচেঞ্জে কিছু যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এসিমেট্রিক ডিজিটাল সাবসক্রাইবার লাইন (এডিএসএল) প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা দেওয়া হবে। এজন্য গ্রাহককে মডেম ব্যবহার করতে হবে। এর দাম পড়বে ৪/৫ হাজার টাকা।
কর্মকর্তারা বলছেন, গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সারাদেশেই ব্র্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। বর্তমানে কেবল ডায়াল আপ ইন্টারনেট সংযোগ দিচ্ছে বিটিটিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৬৪৭ ঘ.
bdnews24