বাগেরহাট, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপাল উপজেলায় আওয়ামী লীগ নেতা নুর মোহম্মদ মল্লিক (৪৮) হত্যা মামলায় ১২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বৃহষ্পতিবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় দেন। এ সময় একজন ছাড়া দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মীর মোহম্মদ, সালাম লস্কর, আকতার মোল্লা, মোকাদ্দেস মোল্লা, রব্বানী কাজী, মিসকাত গাজী, ইসলাম লস্কর, লিটন শেখ, জুম্মন কাজী, হাফিজুর রহমান, আলফাজ শেখ, শিফাত শেখ।
এদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামে। এদের মধ্যে হাফিজুর রহমান পলাতক। বাকী সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগপত্র আসামি সামিউল সরদারকে শুনানি চলাকালে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলাদ শেখ নামে আরেকজন অপর এক ঘটনায় নিহত হন।
রামপালের গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নুর মোহম্মদ মল্লিককে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ছয়দিন পর ৭ অক্টোবর স্থানীয় বিএনপি-জামাতের ক্যাডাররা পিটিয়ে হত্যা করে।
ওইদিনই তার ছেলে সোহাগ মল্লিক রামপাল থানায় মীর মোহম্মদসহ ৬৩ জনকে আসামি করে একটি মামলা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন ২০০২ সালের ৩১ আগষ্ট ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক, গোলাম মর্তুজা সোহেল ও এ কে আজাদ ফিরোজ টিপু। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমজাদ আলী, আজাহার আলী হাওলাদার ও নূর মোহম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24