ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ দেখতে বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ব্যারিস্টার শেরি ব্লেয়ার।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের বিশষ জজ আদালতে হাজির করা হয়। বেলা সোয়া ১১ টার সময় আদালতে হাজির হন বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনজীবী শেরি ব্লেয়ার। শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা বৃহস্পতিবার।
গত ১৯ এপ্রিল কানের ব্যাথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/ইএইচবি/জিএনএ/১১২৮ ঘ.
bdnews24