ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক যুগ্ম-সচিব পদমর্যাদার বেগম আঞ্জুমনোয়ারা বেগম এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।
এছাড়া, আরো চার যুগ্ম-সচিব পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
পাট অধিদপ্তরের পরিচালক এস এম নাজমুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং বাংলাদেশ শুল্ক কমিশনের সদস্য স্বপন কুমার সরকারকে স্থানীয় সরকার বিভাগের পর্যবেক্ষণ, পরিদর্শন ও পর্যালোচনা শাখার পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এ পদে থাকা মো. ময়েজুদ্দিন আহমেদকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ শুল্ক কমিশনের সদস্য করা হয়েছে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সেতারা বানু চৌধুরীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২১৩৮ ঘ.
bdnews24