২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার ঢাকার পুঁজিবাজারে দর পতন হয়েছে। এদিন দেশের দুই পুঁজিবাজারেই কমেছে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার ঢাকার পুঁজিবাজারে দর পতন হয়েছে। এদিন দেশের দুই পুঁজিবাজারেই কমেছে লেনদেন। অ্যাঙ্কর সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন তারা বিনিয়োগকারীদের কাছ থেকে তেল, ব্যাংক, ওষুধ, সিমেন্ট ও চামড়া খাতের শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য প্রচুর আবেদন পেয়েছেন। দিনের লেনদেনে মিউচ্যুয়াল ফান্ড, টেক্সটাইল, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ও বিদ্যুৎ খাতের শেয়ার কেনার দিকে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে বলেও জানান তিনি। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের এরকম আচরণ অস্বাভাবিক কিছু নয়; একে ইতিবাচকও বলা যায়। কারণ হিসেবে তারা বলেন, গত ক'দিন ধরেই বাজারে সূচক ওঠা-নামার মধ্যে ছিল। এ কারণে সূচক পড়ে যেতে পারে এ আশঙ্কায় দিনের লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের সহ-সভাপতি আহমেদ রশিদ বলেন, "বাজারের এ ধরনের আচরণ অস্বাভাবিক কিছু নয়। গত ক'দিন ধরে সূচক ওঠা-নামার মধ্যে থাকায় সূচক পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।" ডিএসইতে দিনের প্রথম আড়াই ঘণ্টা সাধারণ সূচক বা ডিজিইএন সূচক উঠতে থাকলেও এর পরেই সূচক পড়তে শুরু করে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩১ দশমিক ৪৫ পয়েন্ট বা এক দশমিক ০১ শতাংশ কমে তিন হাজার ৫৩ দশমিক ৩১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২০ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৫৮০ দশমিক ৮৪ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে দুই হাজার ৩৬৮ দশমিক ৯১ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ কোটি টাকার ২ কোটি ৩ লাখ ৪০ হাজার ৭৫৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৬৬ শতাংশ কমে চার হাজার ৫৫৯ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম দুই দশমিক ৩৭ শতাংশ কমে তিন হাজার ৬৪৮ টাকা ৭৫ পয়সা হয়। রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি যমুনা ওয়েলের শেয়ারের দাম চার দশমিক ৬০ শতাংশ কমে ২৭৯ টাকা ৭০ পয়সায় পৌঁছায়। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যারের শেয়ারের দামও দশমিক ৯৬ শতাংশ কমে চার হাজার ৮৩০ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে ইউসিবিএল এর শেয়ারের দাম দশমিক ৯১ শতাংশ বেড়ে চার হাজার ৯০৩ টাকা ২৫ পয়সা হয়েছে। দিনের লেনদেনের তালিকায় থাকা লঙ্কা বাংলা ফিনান্স, সামিট পাওয়ার ও এইমস মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। তবে মুনাফা তুলে নেওয়ার কারণে কমেছে হেইডেলবার্গ সিমেন্ট ও এসিআই এর শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে আগের দিনের তুলনায় দেনদেন কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা। এদিন সিএসইতে ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক চার দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ হাজার ৫২২ দশমিক ৩৯ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১১ দশমিক ১৩ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে আট হাজার ৫৫৩ দশমিক ৫৭ পয়েন্ট হয়। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৭১ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে সাত হাজার ৩৯৫ দশমিক ৯৮ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৭৫০ ঘ.