ঢাকা, ২৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলে ভর্তুকি পাওয়া ৬৬ লাখ ক্ষুদ্র প্রান্তিক ও বর্গা কৃষকের নাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রকাশ্যে টাঙিয়ে দেবে সরকার।
কৃষি উপদেষ্টা ড. সি এস করিম বুধবার রাজধানীতে এক সেমিনারে বলেন, "ডিজেলের ভর্তুকি দেওয়ার কাজে স্বচ্ছতা আনার জন্য কৃষকের নামের তালিকা প্রকাশ্য স্থানে টানিয়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কে কত টাকা পাচ্ছে তা সবাই জানতে পারবে।"
উন্নয়ন গবেষণা কেন্দ্র আয়োজিত ডিজেলের ভর্তুকি গরিব কৃষকদের উপর কী ধরনের প্রভাব ফেলবে শীর্ষক সেমিনারে কৃষি উপদেষ্টা বলেন, বোরো চাষে সেচ সুবিধার জন্য সরকার এই প্রথম বারের মত ডিজেলে নগদ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভর্তুকির পরিমাণগত বা পদ্ধতিগতসহ যে কোন বিষয়ে পরামর্শ পেলে সরকার তা বিবেচনা করে দেখবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভিত্তিতে কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে খোলা জায়গায় (সবার চোখে পড়ে এমন স্থান) কৃষকদের নামের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এতে বোরো চাষ করা কৃষকের নাম, জমির পরিমাণ ও ভর্তুকির পরিমাণ এসব বিষয় উল্লেখ থাকবে।
আড়াই একর বা তার কম জমিতে বোরো ধান চাষে সেচ কাজে ডিজেল ব্যবহার করা কৃষকরা প্রতি একর জমির জন্য ৫৪৫ টাকা হারে ভর্তুকি পাচ্ছে। এ ক্ষেত্রে আড়াই একরের জন্য তারা পাবেন ১৩৬২ টাকা।
এছাড়া বিদ্যুৎ ব্যবহার করে যেসব কৃষক বোরো সেচ দিয়েছেন তাদের ক্ষেত্রেও বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। সারের ওপরও এবার প্রায় চার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএস/এমএআর/এমএ/১৬৫৫ ঘ.
bdnews24