সাভার (ঢাকা), এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বুধবার ভোরে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে চার জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
ধামরাইয়ের বাধুলি ও শ্রীরামপুর এলাকার মধ্যবর্তী স্থান বালিট্টা বাসস্ট্যান্ডের কাছে ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন, সাভারের ইমান্দীপুর এলাকার মাসুম বিল্লাহ (২৪), পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার মজিবুর রহমান (৪৮) এবং পাবনা জেলার বেড়া উপজেলার পানপাড়া গ্রামের আব্দুল করিম (২৭) ও রহিম খান (৩০)।
পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝালকাঠি থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস আরোহী মাসুম, মিজানুর এবং ট্রাক আরোহী করিম ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ট্রাকচালক রহিম খান।"
আহতদের সাভারের রাবেয়া ক্লিনিক, ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মুরাদ, আব্দুল করিম ও কল্পনা রাণী হালদার নামে তিন জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ লাশ চারটি ধামরাই থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৪২ ঘ.
bdnews24