সাতক্ষীরা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হরিণের ১৭ কেজি মাংস, একটি বন্দুক ও গুলিসহ এক চোরা শিকারীকে বুধবার গ্রেপ্তার করেছে বনবিভাগ।
সকালে পৃথক দুটি অভিযানে হরিণের মাংস উদ্ধার এবং এক শিকারীকে গ্রেপ্তার করা হয় বলে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা (এসিএফ) রাজেশ চাকমা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বন কর্মকর্তারা সুন্দরবনের ট্যাংরাখালি এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করে। অভিযান টের পেয়ে শিকারীরা মাংস ফেলে পালিয়ে যায়।
এছাড়া সকাল ৮টার দিকে সুন্দরবন সংলগ্ন ভেটখালি বাজার থেকে ৫ কেজি হরিণের মাংস, ১টি বন্দুক ও ৩ রাউন্ড গুলিসহ এক চোরাশিকারীকে গ্রেপ্তার করে বলে রাজেশ চাকমা জানান।
গ্রেপ্তারকৃত বলেন্দ্র মণ্ডল (৪২) শ্যামনগর উপজেলার দুর্গাবাটি গ্রামের হরিপদ মণ্ডলের ছেলে।
দুটি ঘটনায় শ্যামনগর থানায় বন আইনে আলাদা দুটি মামলা হয়েছে বলে রাজেশ চাকমা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24