২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সিইসির মালিকানাধীন ভবনে ছাত্রদল কর্মীদের হামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার মালিকানাধীন একটি ভবনে বুধবার হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল ছাত্রদলকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 07:53 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ফরিদপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার মালিকানাধীন একটি ভবনে বুধবার হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল ছাত্রদলকর্মী। নির্বাচন কমিশনের সংলাপের চিঠি বিএনপির 'সংস্কারপন্থী' নেতা হাফিজউদ্দিনকে পাঠানোর প্রতিবাদে একটি মিছিল নিয়ে ছাত্রদলকর্মীরা ওই হামলা চালায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন কমিশনের সংলাপের চিঠি বিএনপির হাফিজউদ্দিন আহমেদের পরিবর্তে খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেওয়ার দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে প্রায় অর্ধশত ছাত্রদলকর্মী শহরে মিছিল বের করে। এক পর্যায়ে তারা শহরের কেন্দ্রস্থলে সিইসির মালিকানাধীন ভবন রাজ্জাক প্লাজা লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। সিইসি শামসুল হুদার পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলা শহরের কমলাপুর এলাকায়। তার বেশ কয়েকজন ভাই এলাকায় থাকেন। 'রাজ্জাক' প্লাজা ভবনটি সিইসির বাবা আব্দুর রাজ্জাকের নামে। ভবনটিতে বেশ কয়েকটি অফিস ও দোকান রয়েছে। ছাত্রদল কর্মীদের হামলায় ভবনের আইএফআইসি ব্যাংক কার্যালয়ের দরজা-জানালার কাঁচ ভেঙে যায়। ওই ভবনে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানিয়েছেন। এরা হলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুরাদ হোসেন (২৬) ও সরকারি ইয়াছিন কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) মোখলেসুর রহমান (২৭)। ওসি জালালউদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় জরুরি বিধিমালায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে ওই ঘটনার পর সিইসির পৈত্রিক বাড়ি এবং ওই ভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৬ ঘ.