ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার দুপুরে ডেসার ডেমরা-কাজলা অফিসের নির্বাহী প্রকৌশলী সামসুল আলম ভূইঁয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্পোরাল আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১০ এর একটি দল ডেমরা-কাজলা বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় নির্বাহী প্রকৌশলী সামসুল আলম ভূঁইয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে।"
তিনি জানান, আবিদা সুলতানা মিতু নামে একজন তার বাসায় বিদ্যুৎ নেওয়ার জন্য এই কার্যালয়ে গত ২২ মার্চ আবেদন করেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় তিনি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করেন। নির্বাহী প্রকৌশলী সামসুল আলম দ্রুত সংযোগ দেওয়ার কথা তার কাছে ২২ হাজার টাকা ঘুষ দাবি করেন। আবিদা সুলতানা ১০ হাজার টাকা দেন। কিন্তু তার পরেও সংযোগ না পেয়ে তিনি আবার দেখা করলে নির্বাহী প্রকৌশলী বাকি ১২ হাজার টাকা চান। এই পর্যায়ে আবিদা সুলতানা বিষয়টি র্যাবকে জানান।
এরপর পরিকল্পনামাফিক আবিদা সুলতানা মঙ্গলবার ১২ হাজার টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে যান। টাকা হস্তান্তরের সময় র্যাব সদস্যরা সামসুল আলমকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24