২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিং এর সরকারি হিসাব মিলছে না

সারাদেশে গড়ে ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং এর কথা বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে দেখা যায়, দেশের ১৫ থেকে ২০ জেলাতেই কমপক্ষে গড়ে ৬৫০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। সারাদেশে লোডশেডিং এর পরিমাণ আরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 01:13 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে গড়ে ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট লোডশেডিং এর কথা বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে দেখা যায়, দেশের ১৫ থেকে ২০ জেলাতেই কমপক্ষে গড়ে ৬৫০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। সারাদেশে লোডশেডিং এর পরিমাণ আরও বেশি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুসারে সারাদেশে শনিবার ৬২৬ মেগাওয়াট ও রোববার ৭৯৩ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। হিসাব করে দেখা গেছে, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, পটুয়াখালী, রংপুর-দিনাজপুর এলাকা, যশোর, বগুড়া, নীলফামারী, শরীয়তপুর, সাতক্ষীরা ও মৌলভীবাজার এলাকাতেই শনিবার ও রোববার ৬৪২ থেকে ৬৭১ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। পটুয়াখালী জেলায় মোট ৩০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। শনিবার সরবরাহ ছিল সর্বোচ্চ ১২ মেগাওয়াট। রোববার পাওয়া যায় ১৬ মেগাওয়াট। যশোর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে শনিবার তারা পেয়েছে ৩৫ মেগাওয়াট। রোববার পেয়েছে ৪৫ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর অঞ্চলের ৮ জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ২০০ থেকে ২২০ মেগাওয়াট। বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট। ২৪ ঘণ্টার মধ্যে ১০ ঘণ্টাই লোডশেডিং করতে হচ্ছে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, তাদের এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা ৫৬ মেগাওয়াট। শনিবার পাওয়া যায় ১৪ মেগাওয়াট। রোববার পাওয়া যায় ২০ মেগাওয়াট। বগুড়া পিডিবির সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্স আশরাফুল ইসলাম জানান, বগুড়া শহরে বিদ্যুতের চাহিদা ৫৪ মেগাওয়াট। গত শনিবার পাওয়া গেছে ৪৮ মেগাওয়াট। রোববার পাওয়া গেছে ২৩ মেগাওয়াট। চট্টগ্রাম অঞ্চলে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা গড়ে ৫৫০ মেগাওয়াট। শনিবার লোডশেডিং ছিল ১৬৪ মেগাওয়াট। রোববার লোডশেডিং ছিল ২১৩ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম পিডিবির সহকারি পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান। সিলেট বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা যায়, রুরাল ইলেট্রিসিটি বোর্ড (আরইবি) ও পিডিবি মিলিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাহিদা ছিল ২০২ মেগাওয়াট, সরবরাহ ছিল ১৩৭ মেগাওয়াট। লোড শেডিং হয়েছে ৬৫ মেগাওয়াট। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় চাহিদা ছিল ২১৮ দশমিক ৮০ মেগাওয়াট, সরবরাহ করা হয়েছে ১৫২ দশমিক ৮০ মেগাওয়াট, লোড শেডিং হয়েছে ৬৬ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের (বিতরণ) প্রধান প্রকৌশলী মো. জামাল উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলডিসি যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে, তাহলে আমরা কীভাবে বিদ্যুৎ দেবো ?" ময়মনসিংহ গ্রিডের জুনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার মনিরুজ্জামান জানান, জেলায় প্রতিদিন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার পড়লেও আমরা প্রতিদিন ১১০ থেকে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি। নীলফামারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন ৬টি ফিডারে পিক আওয়ারে বিদ্যুতের প্রয়োজন ১০ মেগাওয়াট। সৈয়দপুর গ্রিড কন্ট্রোল রুম থেকে সরবরাহ দেওয়া হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। ২৪ ঘণ্টার মধ্যে লোডশেডিং থাকে গড়ে ৮ থেকে ৯ ঘণ্টা। সৈয়দপুর গ্রিড কন্ট্রোল রুমে কর্তব্যরত সহকারী প্রকৌশলী শাহজাহান আলী জানান, উৎপাদন ঘাটতির কারণে চাহিদা মতো বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, সমিতির মোট চাহিদা ১৮ মেগাওয়াট বিদ্যুৎ। সৈয়দপুর গ্রিড কন্ট্রোল রুম থেকে দেওয়া হচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। শনিবার ও রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ডেসার নারায়ণগঞ্জ ৪টি অঞ্চলে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল দেড়শো মেগাওয়াট। পিক আওয়ারে শনিবার নারায়ণগঞ্জ (পশ্চিম) তাদের ৪০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পেয়েছে ২৬ মেগাওয়াট। রোববার একই সময় পেয়েছে ২৮ মেগাওয়াট। সাতক্ষীরা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক সরদার লোকমান হোসেন জানান, পিক আওয়ারে ২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও মাত্র ৮/৯ মেগাওয়াট পাচ্ছি। অফপিক আওয়ারে ১৫ মেগাওয়াটের বদলে পাচ্ছি ৭/৮ মেগাওয়াট বিদ্যুৎ। শরীয়তপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জুনিয়র সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, মোস্তফাপুর থেকে আমাদের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। আমরা চাহিদার অর্ধেকেরও কম পাচ্ছি। আমাদের গ্রিডে দরকার ৬৫ মেগাওয়াট কিন্তু পাচ্ছি ১৬/১৮ মেগাওয়াট। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা অফপিকে ১৭ মেগাওয়াট। পাচ্ছে ১২ মেগাওয়াট। পিক আওয়ারে চাহিদা ৩২ মেগাওয়াট। পাচ্ছে ২০ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এমএআর/এমএ/১৯১০ঘ.