২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আগুনে পাঁচটি দোকান পুড়ে ছ্ইা, একজন আহত

শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারে সোমবার গভীর রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। স্থানীয় সেনা ক্যাম্প, পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘন্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বাগেরহাট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারে সোমবার গভীর রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। স্থানীয় সেনা ক্যাম্প, পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘন্টা পর আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নেভাতে গিয়ে ফারুক আকন (২৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, সোমবার রাত পৌনে ১২ টায় বলেশ্বর নদীর তীরে অবস্থিত রায়েন্দা বাজারের একটি ফলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরাও আগুন নেভানোর কাজে হাত দেন। এর পাশাপাশি মোরেলগঞ্জ উপজেলা দমকল বিভাগের ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে দমকলের গাড়ি আসার আগেই রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া পাঁচটি দোকান হল- সোহরাব হোসেন ও কামাল হোসেনের মালিকানাধীন সোহেল শু স্টোর, মোশাররফ হোসেন মোল্লার ক্রোকারিজ সামগ্রীর দোকান, বিকাশ ওরফে নয়নের ফলের দোকান, আবুল বাশারের প্রসাধন সামগ্রীর দোকান মদিনা স্টোর এবং একটি পান দোকান। এছাড়া আশপাশের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ নেওয়াজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে জানান, আগুনে অন্তত আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৮ ঘ.