ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৭ এপ্রিল সংলাপে আমন্ত্রণ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের চিঠি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ চিঠি পাওয়ার কথা জানিয়ে মেজর হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ারের সঙ্গে একত্রে আলোচনায় যাওয়ার চেষ্টা করবেন তিনি। তবে এর আগে বিকেলে খালেদা জিয়ার আইনজীবী সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচন কমিশন সংলাপের ব্যাপারে সংস্কারপন্থীদের চিঠি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি এটিএম শামসুল হুদা মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের জানান, মেজর হাফিজকে সংলাপের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। রাতের মধ্যেই তার কাছে চিঠি পৌঁছে যাবে।
প্রধান নির্বাচন কমিশনার এ সময় বলেন, অন্য দুই নির্বাচন কমিশনারকে নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, "গত ১০ এপ্রিল এ বিষয়ে আদালতের রায় হয়েছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে মেজর হাফিজকে দেওয়া '২০ নভেম্বর' এর স্থগিতাদেশ ইসি প্রত্যাহার করে নিয়েছে। আগামী ২৭ তারিখ সকাল ১০টায় মেজর হাফিজকে তার প্রতিনিধিদল নিয়ে আলোচনায় আসার আমন্ত্রণ জানানো হচ্ছে।"
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী আইন সংস্কার নিয়ে দুই দফা সংলাপ হয়েছে বলে বিএনপির সঙ্গেও কি দুই দফা সংলাপ হবে কিনা এ প্রসঙ্গে সিইসি বলেন, "বিএনপির সঙ্গে এক দফা সংলাপ হবে।"
এদিকে, মঙ্গলবার বিকেলে বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন সংলাপের ব্যাপারে সংস্কারপন্থীদের চিঠি দিলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন খালেদা জিয়া।
তিনি বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেনকে চিঠি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন খালেদা জিয়া।"
গত ১২ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এবং ২৪ ফেব্র"য়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় সংলাপ করলেও বিএনপির সঙ্গে সংলাপ করতে পারেনি কমিশন।
গত বছরের ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক চিঠিতে মান্নান ভূঁইয়াকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করেন। এরপর কার্যত বিএনপির মধ্যে দুই গ্র"পের সৃষ্টি হয়। ৫ সেপ্টেম্বর খালেদাপন্থী বিএনপি নেতারা সংলাপের চিঠি খোন্দকার দেলোয়ার বরাবর পাঠানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। ৯ সেপ্টেম্বর সংস্কারপন্থীরা মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ অবৈধ দাবি করে খালেদাপন্থীদের বক্তব্য 'আমলে না নেওয়ার জন্য' ইসির কাছে আবেদন জানায়।
২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির এক বিতর্কিত বৈঠকে সাইফুর রহমানকে অস্থায়ী চেয়ারম্যান এবং মেজর হাফিজকে অস্থায়ী মহাসচিব ঘোষণা করা হয়। ৩ নভেম্বর সংস্কারপন্থীরা সংলাপের চিঠি মেজর হাফিজ বরাবর পাঠানোর জন্য ইসিকে অনুরোধ করেন।
৫ নভেম্বর নির্বাচন কমিশন ২২ নভেম্বর অনুষ্ঠেয় সংলাপে মেজর হাফিজকেই আমন্ত্রণ জানানো হবে ঘোষণা দিয়ে তার কাছে চিঠিও পাঠিয়ে দেয়। ১৮ নভেম্বর খালেদা জিয়া এই চিঠির বৈধতা নিয়ে আদালতে রিট করেন। এরপর সংলাপ ঝুলে যায়।
বিএনপির এই মামলাটির শুনানি কয়েক দফা পেছানোর পর ১০ এপ্রিল হাইকোর্ট খালেদা জিয়ার রিট নাকচ করে দেয়।
সর্বশেষ গত ১৭ এপ্রিল বিএনপির মধ্যে ঐক্য স্থাপনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন পৃথকভাবে দু'গ্র"পের সঙ্গে সৌজন্য আলাপ করে। দুই গ্র"পই আবার ২০ ও ২১ এপ্রিল ইসিতে দুই মহাসচিবের নামে পৃথক চিঠি চায়।
বিএনপির ঐক্য প্রক্রিয়া 'সুদূর পরাহত' মন্তব্য করে ২১ এপ্রিল সিইসি বলেন, আদালতের রায়ের কপি পেলেই নির্বাচন কমিশন সংলাপে কাকে ডাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অস্থায়ী মহাসচিব মেজর হাফিজকে সংলাপে আমন্ত্রণ জানানোর কথা ঘোষণা করলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএআর/এসকে/১৯৪৪ ঘ.
bdnews24