ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা ও বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ দাবিতে পরিষদের নেতাকর্মীরা মানববন্ধন করে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজীব ত্রিপুরা বলেন, "সরকার ভূমিহীন বাঙালিদের পাহাড়ে বসবাসের ব্যবস্থা করেছে। অভিবাসী বাঙালিরাই পার্বত্য চট্টগ্রামে ভূমি দখল করছে।"
অবিলম্বে বাঙালিদের সমতলে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোহেল হাজং, সুনির্মল দেওয়ান, লুথারসন জেত্রা প্রমুখ।
বুধবার সকাল ১১টায় একই দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী সাজেক ইউনিয়নের গঙ্গারাম মূখের বাঘাইহাট নার্সারি এলাকায় রোববার গভীর রাতে সাতটি গ্রামের ১৩২টি বসতবাড়ি পুড়িয়ে দেয় একদল সন্ত্রাসী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
পুড়ে যাওয়া ঘরবাড়ির মধ্যে বাঙালিদের ৭৯টি এবং পাহাড়িদের ৫৩টি বলে জানিয়েছে জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এসএনডি/১৭১৭ ঘ.
bdnews24