সাভার, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাভারের বলিয়ারপুরে হাইওয়ে সিএনজি ফিলিং স্টেশনের পিছনে মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' গাংচিল বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শাহ আলম (৩৩), বাদশা (৩৫) ও আনিছ (২৮)। এদের মধ্যে আনিছ দুই র্যাব সদস্য খুনের মামলার আসামি।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ওয়ান সুটার, রিভলবারের দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
র্যাব-১১ সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, আমিনবাজার বালু ঘাটে ট্রলারসহ গাংচিল বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- সোমবার গভীর রাতে গোপনে এ খবর পেয়ে র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাংচিল বাহিনীর সদস্যরা বলিয়ারপুর হাইওয়ে সিএনজি ফিলিং স্টেশনের পিছনে অবস্থান নেয়।
পরে র্যাবের দুটি গোয়েন্দা দল ট্যাক্সিক্যাবে করে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই গাংচিল বাহিনীর ১৫/১৬ জন সদস্য র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় 'ক্রসফায়ারে' পড়ে গাংচিল বাহিনীর তিন সদস্য নিহত হয়।
মঙ্গলবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সাভার থানার উপ-পরিদর্শক মীর বাছিরুল আলম জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে র্যাব সাভার থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24